• হলদিবাড়ির বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছিল এই মাংস... হাতেনাতে ধরা পড়ল বিক্রেতা
    এই সময় | ১৫ জুন ২০২৬
  • কচ্ছপের মাংস বিক্রি করা পুরোপুরি নিষিদ্ধ। তার পরেও লুকিয়ে সেই ব্যবসা চলছিল কোচবিহারের হলদিবাড়ির কানাপাড়া বাজারে। বনদপ্তরের বিশেষ অভিযানে প্রচুর কচ্ছপের মাংস উদ্ধার হয়েছে। রবিবার সকালে এই অভিযান চালায় বনদপ্তরের দল। ছিল এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যও। রীতিমতো ক্রেতা সেজে ওই বাজারে গিয়ে তাঁরা এই কচ্ছপের মাংস উদ্ধার করেন। ভাগ্যধর রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়।

    বনদপ্তরের এক আধিকারিক জানান, শনিবার রাত থেকেই তারা এই অভিযান শুরু করেছিল। এর সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে তিনটি ব্যাগে পাঁচ কেজির বেশি কচ্ছপের মাংস ছিল বলে জানিয়েছেন তিনি।

    ভারতের Wildlife (Protection) Act, 1972-এর প্রথম তপসিল অনুযায়ী, কচ্ছপ ধরা, হত্যা, তার মাংস বিক্রি করা, পাচার করা বা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা গুরুতর অপরাধ। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা হতে পারে। বিভিন্ন মামলায় ৩ বছর বা তার বেশি কারাদণ্ড এবং জরিমানার দৃষ্টান্ত রয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে স্থানীয় বনদপ্তর, পুলিশ বা Wildlife Crime Control Bureau-কে জানানো যেতে পারে।

  • Link to this news (এই সময়)