• কর্মসংস্থানের নতুন দিশা, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে যুক্ত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
    eTV Bharat | ১৫ জুন ২০২৬
  • কলকাতা, 14 জুন: উচ্চশিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষার সংযোগ আরও মজবুত করতে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (পিএমআইএস)-এ যুক্ত হল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ রাজাবাজার সায়েন্স কলেজের মেঘনাদ সাহা প্রেক্ষাগৃহে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয় ৷ কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের ফলে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি শিল্প ও কর্পোরেট ক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন ৷ ভবিষ্যতে চাকরির বাজারে নিজেদের আরও দক্ষ ও যোগ্য হিসেবে তুলে ধরতে পারবেন ৷

    উচ্চশিক্ষা শেষ করে চাকরি পাওয়া অনেক ক্ষেত্রেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে শিল্প সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সেই প্রকল্পে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ৷

    অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, "পড়ুয়াদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ ৷ শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতাও প্রয়োজন ৷ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পাবেন এবং নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন ৷ ইন্টার্নশিপের সময় ভালো কাজ করলে পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থায় স্থায়ী চাকরির সুযোগও তৈরি হতে পারে ৷"

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দীপ্তেন্দু চট্টোপাধ্যায় বলেন, "স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টার সম্পন্ন করার পর পড়ুয়ারা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, আগ্রহ এবং বসবাসের স্থান বিবেচনা করে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে ৷ এর ফলে শিক্ষার্থীদের অন্য শহরে গিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও কমবে ৷"

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা 6 মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ পাবেন ৷ এই সময়ের জন্য মোট 60 হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন তাঁরা ৷ পাশাপাশি, ইন্টার্নশিপ চলাকালীন তাঁদের কাজের মূল্যায়ন করা হবে ৷ সংশ্লিষ্ট সংস্থা যদি কোনও শিক্ষার্থীর কাজে সন্তুষ্ট হয়, তবে ভবিষ্যতে তাঁকে স্থায়ী কর্মী হিসেবেও নিয়োগ করতে পারে ৷

    শুরুতেই ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ জানা গিয়েছে, প্রায় 300 জন পড়ুয়ার নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন ৷ বিশ্ববিদ্যালয়ের মতে, এই উদ্যোগ আগামী দিনে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর জন্য কর্মসংস্থানের দরজা খুলে দিতে পারে ৷

    অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের আধিকারিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের প্রতিনিধি, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিপুল সংখ্যক পড়ুয়া উপস্থিত ছিলেন ৷ বক্তারা শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন ৷

    একই অনুষ্ঠানে 'নেশামুক্ত ভারত' গড়ে তোলার বার্তাও তুলে ধরা হয় ৷ শিক্ষার্থীদের মাদক ও নেশা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং সুস্থ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় ৷ বিশ্ববিদ্যালয় মনে করছে, প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে অংশগ্রহণের ফলে পড়ুয়াদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ যেমন বাড়বে, তেমনই উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে দীর্ঘদিনের ব্যবধানও অনেকটা কমবে ৷ ফলে চাকরির বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন ৷
  • Link to this news (eTV Bharat)