৩ বছর পর মালদহে ফিরল ১০০ দিনের কাজ, স্বস্তিতে হাজারও শ্রমজীবী পরিবার! মজুরি কত দিচ্ছে সরকার?
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
: দীর্ঘ প্রায় তিন বছর পর মালদহ জেলায় ফের শুরু হল মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ। রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনার পাশাপাশি মালদহের বিভিন্ন ব্লকেও শুরু হয়েছে কর্মযজ্ঞ। পুরাতন মালদহ, মানিকচক, হবিবপুর-সহ একাধিক এলাকায় কাজের উদ্বোধন করা হয়। এদিন পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে পুকুর সংস্কারের মাধ্যমে প্রকল্পের কাজের সূচনা হয়।
সূচনা লগ্নে উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, মালদহ বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিক। পাশাপাশি এই প্রকল্পের আওতায় মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে রাস্তার কাজের সূচনা করেন মানিকচক বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন কাজের অভাবে অনেক পরিবারকে জীবিকার সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে হত। প্রকল্প চালু হওয়ায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে গ্রামীণ এলাকায়। স্থানীয় বাসিন্দা শেফালী বর্মন বলেন, “অনেক কষ্টের মধ্যে দিন কাটছিল। বাড়ির সদস্যদের কাজের জন্য বাইরে যেতে হত। এখন গ্রামেই কাজের সুযোগ তৈরি হওয়ায় পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নতি হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ খগেন মুর্মু বলেন, “দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় বহু শ্রমজীবী মানুষ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। নতুন করে কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষ নিজ এলাকাতেই কাজের সুযোগ পাবেন। এর ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং বহু পরিবার উপকৃত হবে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জব কার্ডধারীরা এই প্রকল্পের আওতায় দৈনিক ২৬০ টাকা মজুরিতে কাজ করতে পারবেন। প্রথম পর্যায়ে পুকুর সংস্কার, জল সংরক্ষণ ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ হাতে নেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ পুনরায় চালু হওয়ায় মালদহের গ্রামীণ এলাকায় আশার আলো দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ভিনরাজ্যে কাজের জন্য শ্রমিকদের নির্ভরতা অনেকটাই কমবে।