নদীর জল পরিস্রুত করে সরবরাহ, থমকে যাওয়া কাজ শুরুর নির্দেশ শুভেন্দুর! জলকষ্ট মিটবে নন্দীগ্রামে
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
নদী থেকে জল তুলে সেই জল পরিশুদ্ধ করে পানীয় জল সরবরাহের সরকারি প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে অবশেষে নন্দীগ্রাম- চণ্ডীপুর- নন্দকুমারের সেই মেগা জল প্রকল্পের কাজে গতি এলো।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর অর্থে ২০১৯ সালে শুরু হওয়া গুরুত্বপূর্ণ জল প্রকল্পের কাজ হঠাৎই থমকে গিয়েছিল। সম্প্রতি হলদিয়া ভবনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কাজে গুরুত্ব দেওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পের কাজে আবারও গতি এলো। রূপনারায়ণের জল তুলে পরিশুদ্ধ করে পুর্ব মেদিনীপুরের চারটি ব্লকের প্রায় ১০ থেকে ১২ লক্ষ মানুষের জন্য পাইপ লাইন মারফৎ পরিস্রুত এই পানীয় জল সরবরাহ করা হবে।
নানা কারণে এতদিন সেই জল প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। রাজ্যে পালাবদলের পর অবশেষে আবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সেই কাজ ফের চালু হয়েছে।
যখন ভূগর্ভস্থ জলস্তর কমছে সেই সময় নদীর জল তুলে পরিশুদ্ধ করে সেই জল সরবরাহ করার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লক এবং চণ্ডীপুর ও নন্দকুমার- পূর্ব মেদিনীপুর জেলার মোট এই চারটি ব্লকের জন্য এই মেগা জল প্রকল্প। দনিপুরের কাছে নদী থেকে জল তুলে পরিশুদ্ধ করে সেই পানীয় জল পাইপ লাইন মারফৎ সরবরাহ করা হবে। যা লক্ষ লক্ষ মানুষের জল কষ্ট মেটাবে বলে দাবি সরকারি আধিকারিকদের। কিন্তু স্থানীয় কিছু সমস্যা এবং সরকারি উদ্যোগ ও তৎপরতার অভাবে কাজ শুরুর পরই হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল।