• পুরনো মামলার ফাইল খুলতেই আরও কোণঠাসা জাহাঙ্গির! নাড্ডার কনভয় হামলায় শুরু নয়া তদন্ত
    প্রতিদিন | ১৫ জুন ২০২৬
  • বদলের বাংলায় পুরনো মামলা নিয়ে আরও চাপে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। এবার তাঁর বিরুদ্ধে ৬ বছর আগেকার মামলার ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে ডায়মন্ড হারবার যাচ্ছিলেন তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শিরাকোলের কাছে তাঁর কনভয় লক্ষ্য করে বড়সড় হামলা হয়। অল্পের জন্য অক্ষত ছিলেন নাড্ডা। সেই হামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছিল ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের। তবে সেসময় কোনও শাস্তির মুখে পড়তে হয়নি তাঁকে। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট পরবর্তী হিংসায় পুলিশের জালে ধরা পড়েছেন জাহাঙ্গির। এই মুহূর্তে জেলবন্দি। বর্তমান মামলার পাশাপাশি পুরনো মামলারও তদন্ত শুরু হয়েছে হয়েছে তাঁর বিরুদ্ধে।

    ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেসময় তাঁর সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। হামলার ভয়াবহতা নিয়ে দিলীপের মন্তব্য ছিল, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে সেদিন মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই মামলায় প্রথম এফআইআরে নাম ছিল জাহাঙ্গিরের। পরে তদন্তকারীদের ঢিলেঢালা মনোভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এভাবেই শাস্তির ফাঁক গলে ফের দাপট দেখাতে শুরু করে ‘পুষ্পা’ জাহাঙ্গির।

    কিন্তু এবার ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির খান পুলিশ হেফাজতে। নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসেই ঘোষণা করেছিল, অসমাপ্ত সমস্ত অপরাধমূলক তদন্তের ফাইল নতুন করে খুলে তদন্ত হবে। সেভাবেই ৬ বছর আগে দক্ষিণ ২৪ পরগনার ভয়াবহ রাজনৈতিক হামলার ঘটনার ফাইলও ফের খোলা হয়েছে। নিশানায় জাহাঙ্গির-সহ হামলায় যুক্ত সকলেই। এখন দেখার, পালাবদলের বাংলায় সমস্ত দাপট খুইয়ে জেলবন্দি আসামিতে পরিণত হওয়া তৃণমূল নেতা এই মামলায় আরও কতটা কঠিন শাস্তির মুখে পড়েন।
  • Link to this news (প্রতিদিন)