আরএসএসের অনুষ্ঠানে তিন উপাচার্য, ক্ষমা চাইতে বললেন কেরলের মুখ্যমন্ত্রী, সমালোচনা পিনারাই বিজয়নেরও
বর্তমান | ১৫ জুন ২০২৬
তিরুবনন্তপুরম: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শনিবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবতও। সেই ঘটনায় এবার কেরল, এমজি ও মালয়ালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। এক্স হ্যান্ডলে পোস্ট করে কেরলের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সাম্প্রদায়িক আরএসএস নেতার অনুষ্ঠানে যোগ দিয়ে উপাচার্য পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন অভিযুক্তরা।’
এক্স হ্যান্ডলে সতীশন লিখেছেন, ‘আরএসএসের অনুষ্ঠানে তিন উপাচার্যের যোগদানকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তাঁদের এই কাজ কেরলের শিক্ষাব্যবস্থার পরম্পরা ও তাঁদের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই তিন উপাচার্যের কেরলের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।’ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের বিরোধী দলনেতা পিনারাই বিজয়নও। এক্স হ্যান্ডলে বিজয়নের অভিযোগ, কেরলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে দখল করতে চাইছে আরএসএস।