আগুন-গুজবে ঝাঁপ রেললাইনে, অন্য ট্রেনের ধাক্কায় মৃত ৪
বর্তমান | ১৫ জুন ২০২৬
ঝাঁসি: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব রটতেই ট্রেন থেকে পাশের রেললাইনে ঝাঁপ মেরে নেমেছিলেন বেশ কয়েকজন যাত্রী। কিন্তু তখনই উলটো দিক থেকে চলে আসে অন্য একটি ট্রেন। সেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অন্তত চারজন যাত্রী। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন শিশু। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনায়। আহত আরও কয়েকজন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সা চলছে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর-মধ্য রেলের শীর্ষ আধিকারিক, জিআরপি এবং আরপিএফের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।
রেল সূত্রে খবর, এদিন বিকেল চারটে নাগাদ ঝাঁসি ডিভিশনের হেতমপুর এবং ঢোলপুর স্টেশনের মাছে খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। ট্রেনের সামনের দিকে থাকা জেনারেল কামরায় কেউ ইমার্জেন্সি চেন টেনে ট্রেনটিকে দাঁড় করায়। একইসঙ্গে আগুন লেগেছে বলে চিত্কারও শুরু হয়। অনেক যাত্রীই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। আগুনের ভয়ে পাশের লাইনে গিয়ে দাঁড়ান তাঁরা। ওই সময় উলটো দিক থেকে ফিরোজপুর-সিওনি পাতালকোট এক্সপ্রেস দ্রুত গতিতে আসছিল। বেশিরভাগ যাত্রী সরে গেলেও, কয়েকজন সরতে পারেননি।