• মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়কে পৃথক ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবি
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, হিলি: কৃষিপ্রধান দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ শিক্ষা, গবেষণা ও কৃষি উন্নয়নের স্বার্থে মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়কে একটি পৃথক ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার দাবি উঠল বালুরঘাটে। দাবিকে সামনে রেখে বালুরঘাটের প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হয়েছে এক লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। সংস্থার সদস্যরা জানিয়েছেন, সংগৃহীত স্বাক্ষর-সম্বলিত দাবিপত্র শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বালুরঘাট ও তপনের বিধায়কদের হাতে তুলে দেওয়া হবে। 

    জেলাবাসী মনে করেন, মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়ের বিস্তীর্ণ জমি, উন্নত পরিকাঠামো এবং দীর্ঘদিনের শিক্ষাগত পরিবেশ একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যথেষ্ট উপযোগী। তাঁদের মতে, দক্ষিণ দিনাজপুরের ছাত্রছাত্রীরা বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়ে  থাকেন। উচ্চশিক্ষার জন্য বহু পড়ুয়াকে জেলার বাইরে পাড়ি দিতে হয়। সে ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে আগ্রহী শিক্ষার্থীরা জেলায় উন্নত কৃষি শিক্ষার সুযোগ পাবেন। বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক চাষপদ্ধতির প্রসারে  গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেক্ষেত্রে এই জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার ছাত্রছাত্রী সহ প্রতিবেশী বাংলাদেশের পড়ুয়ারাও এখান থেকে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবেন। 

    বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা হয়েছে। এই প্রেক্ষাপটে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বালুরঘাট উত্তরবঙ্গের অন্যতম ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে উঠবে। এ প্রসঙ্গে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়ে পর্যাপ্ত জমি ও পরিকাঠামো রয়েছে। সেই পরিবেশে খুব সহজেই  একটি পৃথক ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যেতে পারে। এর ফলে প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্রছাত্রীদের কাছে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।

    উদ্যোক্তাদের পক্ষে বিশিষ্ট লেখক কৃষ্ণপদ মণ্ডল বলেন, সমগ্র উত্তরবঙ্গে বর্তমানে একটিমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। উত্তরবঙ্গের বৃহত্তম অংশের ছাত্রছাত্রীদের সুবিধার্থে ও উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে আমরা দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়টিকে একটি পৃথক ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি করছি। তিনি মনে করেন পর্যাপ্ত জমি, প্রয়োজনীয় পরিকাঠামো থাকায় এখানে খুব সহজে একটি পূর্ণাঙ্গ ও পৃথক বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারে।
  • Link to this news (বর্তমান)