• শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বর্ধমানের অধীনে যেতে উদ্যোগী কিছু বি এড কলেজ!
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • অর্পণ সেনগুপ্ত, কলকাতা: বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বা বি এড বিশ্ববিদ্যালয়ের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে বি এড কলেজগুলির একাংশ। টিচার এডুকেশনে জাতীয় শিক্ষানীতি এবং এনসিটিইর নির্দেশিকা কার্যকর হলে এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎই প্রশ্নের মুখে পড়বে। তাই আগেভাগে বেরিয়ে অন্যত্র চলে যেতে চাইছে কলেজগুলি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তত ১৪-১৫টি কলেজ যোগ দেওয়ার লাইনে রয়েছে বলে খবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও যেতে চাইছে একটি কলেজ। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই সংখ্যা ক্রমবর্ধমান। টিচার এডুকেশন কোর্স করাতে গেলে মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু থাকতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে। এনসিটিই আগেই এই নির্দেশ দিয়েছে। এর ফলে সাধারণ বি এড কলেজগুলির ভবিষ্যৎ তো অনিশ্চিতই। কারণ সেখানে আলাদা করে বি এ, বি এসসি বা বি কম কোর্স চালু করার পরিকাঠামো নেই। তবে, সেটাই প্রধান সমস্যা নয়। বি এড বিশ্ববিদ্যালয়ের নিজেরই এ ধরনের মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু নেই। তাই এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চিত ভেবে তার ছত্রছায়া থেকে বেরোতে সক্রিয় বেসরকারি বি এড কলেজগুলি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইসি ইন্দ্রজিৎ রায় বলেন, ‘কিছু কলেজ আমার সঙ্গে কথা বলেছে। জাতীয় শিক্ষানীতি মেনে যেভাবে কোর্স করানো প্রয়োজন, তাতে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরে এলে তাদের সুবিধে হবে বলে তারা মনে করছে। তবে, এ বিষয়ে উপাচার্য এবং উচ্চশিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ সমস্যার কথা মেনে নিলেও এ ধরনের কোনো আবেদন পাননি বলেই জানিয়েছেন এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অরুণাশিস গোস্বামী। তিনি জানান, চারবছরের ইন্টিগ্রেটেড ‘বি এ বি এড’ বা ‘বি এসসি বি এডের’ মতো কোর্সগুলিই ভবিষ্যৎ। তবে, এবছর আমরা দু-বছরের বি এড কোর্সে ভরতিরই বিজ্ঞপ্তি দেব। তারপর থেকে চারবছরের ইন্টিগ্রেটেড কোর্স চালুর উদ্যোগ নিতে হবে।’ 

    প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের সথাও মেনে নিয়েছেন তিনি। ইতিমধ্যে কলেজগুলির সঙ্গে একটি কর্মশালা করে সমস্যাগুলি বুঝে নিয়ে উচ্চশিক্ষা দপ্তরকে জানানো হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ৩০টি শূন্যপদও চাওয়া হয়েছে। আর্ট এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের মতো ছয়টি কোর্সও বিশ্ববিদ্যালয়ের ইসিতে অনুমোদিত। তবে, সেগুলি চালুর বিষয়টি এখনো অনিশ্চিত। বহু কলেজ যে সার্বিক যোগ্যতাবিধিতে অনুত্তীর্ণ হলে বন্ধ হয়ে যাবে, সেই আগাম হুঁশিয়ারিও দিয়ে রাখছেন তিনি।
  • Link to this news (বর্তমান)