• বিজেপির ভয়ে আসছেন না কোনো কাউন্সিলারই! অচলাবস্থা বজবজে
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: কার্যত অচলাবস্থা চলছে বজবজ পুরসভায়। কারণ, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে একমাত্র চেয়ারম্যান ছাড়া বাকি তৃণমূল কাউন্সিলারদের কেউই পুরসভায় যেতে পারছেন না। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কাউন্সিলারদের পুরসভাতে যেতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পুরসভার মাসিক অধিবেশন ছাড়াও নিয়মিত কাজকর্মে একটা অচলাবস্থা চলছে। চেয়ারম্যান অবশ্য প্রতিদিনই পুরসভায় যাচ্ছেন।  

    বজবজ পুরসভার ২০ টি ওয়ার্ড। ২০ জন কাউন্সিলারই তৃণমূলের। এঁদের মধ্যে একজন মারা গিয়েছেন। একজন অসুস্থ। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে পাঁচ কাউন্সিলার বেপাত্তা ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগে মামলা রয়েছে। মিঠুন ঠিকাদার নামে এক কাউন্সিলারকে পুলিশ অবশ্য পাকড়াও করেছে। এই হিসাবে চেয়ারম্যান গৌতম দাশগুপ্তকে নিয়ে মোট ১৩ জন কাউন্সিলার রয়েছেন। তাঁদের নিয়েই পুরবোর্ড চলছিল। এই অবস্থায় কিছুদিন আগে মাসিক অধিবেশন ডাকা হয়। সেখানে চেয়ারম্যানসহ কাউন্সিলাররা যান। কিন্তু নাগরিকদের একাংশ এবং বিজেপি সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভে চেয়ারম্যান ছাড়া আর কেউ পুরসভায় সেদিন ঢুকতেই পারেননি। আরও অভিযোগ, কাউন্সিলারদের অনেকে নিগৃহীত হন। এই পরিস্থিতিতে ওই অধিবেশন বাতিল করে দিতে হয়। আগামী মাসিক অধিবেশন হবে কি না, তাও অনিশ্চিত। কাউন্সিলারদের অনেকের দাবি, তাঁদের পুরসভায় যেতে নিষেধ করে দিয়েছে বিজেপি। বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির সদস্য জয়দেব দত্ত বলেন, ‘কাউন্সিলারদের অনেকের বিরুদ্ধে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। তাই ওঁদের বলা হয়েছে, এখন পুরসভায় গেলে হেনস্তার মুখে পড়তে হতে পারে। তখন বলবেন, এটা বিজেপির ইন্ধনে হয়েছে। তাই এখন পুরসভায় না যাওয়াই ভালো।’
  • Link to this news (বর্তমান)