• মাছের জালে পুকুর থেকে উঠল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ! চাঞ্চল্য হাবড়া-গোসাবায়
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে পুকুরে জাল ফেলেছিলেন স্থানীয়রা। কিন্তু, আজব ব্যাপার! মাছের বদলে জালে উঠল আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে মিলল বিপুল কার্তুজও। সন্দেশখালিতে এই দৃশ্য দেখা গিয়েছিল আগেই। এবার হাবড়া ও গোসাবায়। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুই এলাকাতেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুই জেলার পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। 

    পুকুরে জাল ফেলতেই হদিশ মিলল অস্ত্র ভাণ্ডারের! রবিবার সকালে হাবড়ার কাশীপুরের পূর্বাশাপল্লি এলাকায় এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় চাষি সুব্রত বিশ্বাসের পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। পুকুরে জাল টানছিলেন তাঁরা। সেই সময় আচমকা জালে আটকে যায় একটি কালো ব্যাগ। প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি কেউ। কিন্তু ব্যাগ খুলতেই স্তম্ভিত হয়ে যান সকলে। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। সঙ্গে ছিল ৭২ রাউন্ড কার্তুজ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। এরপর গোটা পুকুরে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। ফের জাল ফেলা হয় পুকুরে। প্রথম দফার পর দ্বিতীয় দফার তল্লাশিতেও মেলে চমক। উদ্ধার হয় আরও একটি কালো ব্যাগ। সেই ব্যাগ থেকেও মিলেছে আরও চারটি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ। সব মিলিয়ে পুকুর থেকে উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও ৯৭ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় হতবাক পুকুরের মালিকের পরিবারও। সুব্রতবাবুর স্ত্রী তারামণি বিশ্বাস বলেন, আমরা দীর্ঘদিন ধরেই ওই পুকুরে মাছ চাষ করি। পুকুর থেকে যে অস্ত্র ভরতি ব্যাগ উদ্ধার হবে, তা তাঁদের কল্পনার বাইরে। এনিয়ে বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি বলেন, পুকুরে এত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে এল, কারা এতে যুক্ত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

    অন্যদিকে, রবিবার সকালে গোসাবা থানার পাঠানখালিতেও একই ঘটনা ঘটেছে। সেখানেও পুকুরের জলে মাছ চাষিদের জালে উঠে আসে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর ওই পুকুরে নেমে তল্লাশি চালায় পুলিশ। কে বা কারা এই আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলে দিয়ে পালিয়েছে, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি  সন্দেশখালি ও বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
  • Link to this news (বর্তমান)