ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিল কয়েক হাজার ট্রলার
বর্তমান | ১৫ জুন ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিল দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় তিন হাজার ট্রলার। রবিবার সকালে পুজো দিয়ে ট্রলারগুলি পাথরপ্রতিমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিন রাত ১২টা পর্যন্ত এগুলি পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর ঘাটের কাছে অপেক্ষা করবে। তারপর মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেবে। তবে এবছর ইলিশ মেলার সম্ভাবনা রয়েছে। কারণ মৎস্যজীবীদের অভিমত, বর্তমান আবহাওয়া ইলিশ পাওয়ার অনুকূলে রয়েছে।
এ বিষয়ে এক মৎস্যজীবী রবিন বিশ্বাস বলেন, দীর্ঘ প্রায় দু’মাস নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। কারণ ওই সময়টা মাছেদের প্রজননের মরশুম। তাই কোনো ট্রলার নদী ও সমুদ্রে মাছ ধরতে যায় না। ১৪ জুন গভীর রাত থেকে সব ট্রলারগুলি মাছ ধরার জন্য ফের গভীর সমুদ্রে পাড়ি দেবে। সেই মতো ট্রলারগুলি এদিন রাত পর্যন্ত বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে অপেক্ষা করবে। তারপরই সবাই জাল ফেলার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাবে। প্রথম দফায় চার থেকে পাঁচদিন জাল টানার পর ট্রলারগুলি আবার উপকূলের দিকে ফিরে আসবে। জামাইষষ্ঠীতে এবছর পর্যাপ্ত পরিমাণের ইলিশমাছ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপের দু’টি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি ও সতীনাথ পাত্র বলেন, গত দু’বছর সমুদ্রে সেভাবে ইলিশমাছের দেখা পাওয়া যায়নি। ফলে মৎস্যজীবীদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলিতে মৌসুমি বায়ু অনেক দেরিতে এই রাজ্যে ঢুকেছিল। কিন্তু এবছর যথাসময়ে বর্ষা প্রবেশ করেছে। তাই আশা করা যায়, এই বছর ইলিশমাছ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম দফায় মাছ ধরে ট্রলারগুলি ফিরলে বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। নিজস্ব চিত্র