নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার থেকে নবান্নে সরকারি অফিগুলিতে ‘বায়োমেট্রিক ফেস রেকগনিশন’ যন্ত্রে কর্মী ও আধিকারিকদের অফিসে আসা ও যাওয়ার সময় নথিভুক্তকরণসহ একগুচ্ছ নিয়ম চালু হচ্ছে। এদিকে পুর ও নগরোন্নয়ন দপ্তরও জানিয়ে দিয়েছে, পুরসভাগুলিতেও ১ আগস্ট থেকে কর্মী ও আধিকারিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে অফিসে আসা ও যাওয়ার সময় নথিভুক্ত করতে হবে। বিভাগীয় সচিব খলিল আমেদ সমস্ত পুরসভাকে এই ব্যাপারে চিঠিও দিয়েছেন। রাজ্য সরকারের অফিসের মতো পুরসভাতেও কর্মী ও আধিকারিকদের সকাল ১০টার মধ্যে অফিসে আসতে হবে। তবে ১৫ মিনিটের ‘গ্রেস পিরিয়ড’ পাওয়া যাবে। বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছাড়া যাবে না। সরকারি কর্মীদের মতো মাসে তিনদিন দেরিতে এলে বা আগে চলে গেলে একটি করে ক্যাজুয়াল লিভ বাদ বা একদিনের বেতন কাটা যাবে। রাজ্য সরকারের কর্মীদের অফিসে উপস্থিতি সংক্রান্ত অর্থদপ্তর যে নির্দেশিকাটি জারি করেছিল তাতে বলা হয়, এই নিয়ম প্রথমে নবান্নে ১৫ জুন থেকে শুরু হবে। তারপর পর্যায়ক্রমে অন্য সব সরকারি অফিসে তা ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করা হবে। সরকারি অফিসের এই নিয়ম এবার পুরসভাগুলিতেও কার্যকর হতে চলেছে। অর্থদপ্তরের নির্দেশিকাতে আরো বলা হয়েছিল, বেলা ১১টার পর অফিসে এলে তা অনুপস্থিত হিসেবে ধরা হবে। একই দিনে দেরিতে অফিসে এলে (বেলা ১০টা ১৫ থেকে ১১টার মধ্যে) এবং আগে (বিকেল ৫টা ১৫ মিনিটের আগে) বেরিয়ে গেলেও একদিনের ছুটি কাটা যাবে।