জেলা পরিষদের রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ বাগদায়
বর্তমান | ১৫ জুন ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ উঠল বাগদার মালিপোতা পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে। স্থানীয় বিজেপি নেতৃত্ব বেনিয়মের অভিযোগ তুলে প্রথমে রাস্তার কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদার নিয়ম অনুযায়ী রাস্তা করার আশ্বাস দিলে রাস্তার কাজ শুরু হয়। পাঁচপোতা গ্রামে প্রায় এক কিলোমিটার একটি ঢালাই রাস্তা তৈরির অনুমোদন দিয়েছিল জেলা পরিষদ। কিন্তু অভিযোগ, নিয়ম অনুযায়ী ছয় ইঞ্চি পুরু ঢালাই করার কথা থাকলেও এদিন চার ইঞ্চি ঢালাই করেই রাস্তা তৈরি হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা অভিযোগ করে, রাস্তা ছয় ইঞ্চি পুরু ঢালাই করার সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু চার ইঞ্চি ঢালাই করা হচ্ছে। সঠিকভাবে বালি, সিমেন্ট, পাথর দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। নির্মাণের দায়িত্ব থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলে সঠিকভাবে কাজ করার আবেদন করা হয়। কাজ সঠিকভাবে না হলে এই কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। এবিষয়ে বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, আমরা কাজ বন্ধের পক্ষে না। কিন্তু আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা হোক। এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শম্পা অধিকারী বলেন, আমি আগেই নির্দেশ দিয়েছিলাম শিডিউল মেনে রাস্তা করতে। কেন জানি না নিয়ম বহির্ভূত কাজ হচ্ছিল। আমি বিষয়টি নিয়ে খোঁজ নেবো। জনসাধারণের কাজে বেনিয়ম মানা হবে না। নিজস্ব চিত্র