রাজ্যের চার শহরে নতুন Aadhaar Seva Kendra, জেলায় বাড়ল পরিষেবার পরিসর
এই সময় | ১৫ জুন ২০২৬
এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজলভ্য করতে চারটি নতুন আধার সেবা কেন্দ্র চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন কেন্দ্রগুলি চালু হওয়ায় আধার নথিভুক্তিকরণ, তথ্য সংশোধন এবং অন্যান্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধে হবে। হুগলির চুঁচুড়া, পূর্ব বর্ধমানের বর্ধমান শহর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এবং পুরুলিয়ায় এই কেন্দ্রগুলি খোলা হয়েছে।
এই আধার সেবা কেন্দ্র খোলার জেরে এই সব জেলার বাসিন্দাদের আধার সংক্রান্ত পরিষেবার জন্য দূরদূরান্তে যাতায়াতের প্রয়োজন অনেকটাই কমবে। আধার তথ্য আপডেট, মোবাইল নম্বর যোগ করা বা বায়োমেট্রিক তথ্য সংশোধনের জন্য এই কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতদিন রাজ্যে আটটি আধার সেবা কেন্দ্র ছিল। নতুন চারটি কেন্দ্রের ফলে সেই সংখ্যা বেড়ে ১২-য় দাঁড়াল। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ২২-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইউআইডিএআই-এর।
আধার সেবা কেন্দ্রগুলিতে নতুন আধার তৈরি, নাম, ঠিকানা, জন্মতারিখ বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংশোধনের পাশাপাশি মোবাইল নম্বর ও ই-মেল আপডেটের সুবিধাও পাওয়া যায়। বায়োমেট্রিক তথ্য আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজও এখানে করা সম্ভব। ইউআইডিএআই-এর দাবি, আধার পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করে তুলতেই বিভিন্ন জেলায় এই ধরনের কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। নতুন কেন্দ্রগুলি চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা কম সময়ে এবং কম ঝামেলায় আধার সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন।