আগাম জামিনের আবেদন জানাতে এ বার কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে সোমবার আগাম জামিনের মামলা করার অনুমতি চান সুমিত রায়ের আইনজীবী। জরুরি শুনানির আবেদনও জানান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।
গত শনিবার ভোরে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই এই তল্লাশি চালানো হয় বলে জানা যায়।
অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা, টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। সুমিতের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল কালীঘাটে। সেই সূত্র ধরেই কালীঘাটে গত শনিবার তল্লাশি চলে।
সূত্রের খবর, সুমিতকে নাগালে পেতে মরিয়া পুলিশ। সুমিতও গ্রেপ্তারি এড়াতে সব রকম চেষ্টা করছেন।