• আরজি কর হাসপাতালে CBI, নতুন করে তদন্তে কোন কোন বিষয়ে নজর?
    এই সময় | ১৫ জুন ২০২৬
  • গত ২১ মে কলকাতা হাইকোর্ট CBI-এর পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গড়ে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল। সোমবার সেই তদন্তের প্রয়োজনে আরজি কর হাসপাতালে গিয়েছিল সিবিআইয়ের একটি টিম। এ দিন ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

    সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন দায়িত্বে থাকা হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে। ডিজিটাল ও ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন এবং বিগত কয়েকদিনের ডিউটি রস্টারও খতিয়ে দেখছে সিবিআই-এর বিশেষ টিম। ঘটনার পুনর্নির্মাণ করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

    উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ ওঠে। তদন্তে নেমে প্রাথমিক ভাবে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার নিয়েছিল। সঞ্জয়কে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।

    তবে সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার মা-বাবা। নতুন সিট গঠন করে এই ঘটনার তদন্তের ব্যাপারে আর্জি জানিয়েছিলেন তাঁরা। গত ২১ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ২৫ জুন তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)