• তলিয়ে যাওয়ার আশঙ্কায় কাঁপছে মৌসুনি দ্বীপ, সাজানো পর্যটন কেন্দ্রে ভয় ধরানো ছবি
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • মৌসুনির সল্টঘেরিতে সমুদ্রবাঁধে নামল ধ্বস। এই ঘটনার পর স্থানীয়রা সেখানে স্থায়ী বাঁধের দাবি তুলেছেন। অমাবস্যার ভরা কটালে এই ধ্বস নেমেছে সমুদ্র বাঁধে। এই এলাকার সমুদ্র উপকূলে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধ জোয়ারের সময় প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, সল্টঘেরির উপকূলে সমুদ্রের ঢেউয়ের ব্যাপক দাপট রয়েছে। এখানে পাকাপোক্তভাবে বাঁধ নির্মাণ করা না হলে আগামী দিনে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা তপন দোলুই জানান, সমুদ্রের ঢেউয়ের দাপটে বিশাল অংশ জুড়ে বাঁধে ধ্বস নেমেছে। ফলে তাঁরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত এই বাঁধ মেরামত করা না হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে।

    এছাড়াও এই এলাকায় একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সেটিও ধ্বংস হয়ে যাবে। পূর্বতন সরকারের আমলে একাধিকবার বলেও কোন কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। নতুন সরকারের কাছে নতুন করে এই বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। বিষয়টির দ্রুত সমাধান চাইছেন এলাকার মানুষজন।
  • Link to this news (News18 বাংলা)