• গাদাগাদি করে চলছে চিকিৎসা, হাসপাতালের অবস্থা দেখে রেগে অগ্নিশর্মা খোদ মন্ত্রী
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • মুর্শিদাবাদের গোকর্ণ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম ও পরিকাঠামোগত সমস্যার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী তথা কান্দির বিধায়িকা গার্গী দাস ঘোষ। দীর্ঘ দিন ধরেই হাসপাতালের হাল বেহাল অবস্থা। হাল ফেরাতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ।

    পরিদর্শনের সময় তিনি দেখতে পান, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। পুরুষ ও মহিলা রোগীদের জন্য পৃথক বিভাগ থাকলেও বাস্তবে একই পরিসরে দু’টি কক্ষে চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। হাসপাতালের অনুমোদিত বেড সংখ্যা মাত্র ৩০টি হলেও সেখানে ২০০-রও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ফলে চরম চাপের মধ্যে স্বাস্থ্য পরিষেবা চালাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

    শুধু তাই নয়, রোগীদের থাকার পরিবেশ নিয়েও ক্ষোভ উগরে দেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডগুলি অপরিষ্কার, শৌচাগারগুলির অবস্থাও অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় রোগী ও পরিজনদের দুর্ভোগ চরমে উঠেছে। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ শোনেন মন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি।

    স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক সংকট দূর করা এবং হাসপাতালের পরিকাঠামো ও পরিচ্ছন্নতার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই গৌকর্ণ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, বেড এবং পরিকাঠামোর ঘাটতি রয়েছে। ফলে বিপুল সংখ্যক রোগীকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতির উন্নতি হবে বলেই আশাবাদী এলাকাবাসী।
  • Link to this news (News18 বাংলা)