‘রাজ্যের ১১০০ জায়গায় জনকল্যাণ শিবির, এই সুযোগ সবাই নিন...’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
আজ থেকে রাজ্যে চালু জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের। ১৫ থেকে ১৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। জনকল্যাণ শিবিরে ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে।
আমজনতাকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে সোমবার থেকে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচি। বিজেপি রাজ্যে সরকার গঠন করার পর প্রথমবার এই কর্মসূচি হবে রাজ্যের প্রতিটি ব্লকে। চলবে তিনদিন। সোম, মঙ্গল ও বুধবার। সোমবার নন্দীগ্রামে এমনই একটি জনকলাণ শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন শিবিরে থাকবেন মন্ত্রী ও বিধায়করা। প্রায় ৫৫ ধরনের পরিষেবা এখান থেকে নিতে পারবেন সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই রাজ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ এবং ‘আয়ুষ্মান ভারত’-এর আবেদনপত্র পূরণ নিয়ে উৎসাহ যথেষ্টই রয়েছে। রাজ্য ও কেন্দ্রের একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের ফর্মও জমা দেওয়া যাবে এই শিবিরগুলিতে।
রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের উদ্বোধন শুভেন্দু অধিকারীর:
১৫ থেকে ১৭ জুন ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিবির।
আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন গ্রহণ করে হবে এই জনকল্যাণ শিবির থেকে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ভিনরাজ্যেও চিকিৎসা পাবেন উপভোক্তারা।
লক্ষ্মীর ভাণ্ডারে আগের সরকারের আমলে ঢালাও দুর্নীতি, সব খুঁজে বের করা হবে।
চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনা হবে।
আরও পড়ুন– ‘যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, তিনি দলবদলে আরও কত কী চাইলেন…!’ সোশ্যাল মিডিয়ায় সুদীপকে খোঁচা কুণালের
শিবিরে কী কী সুবিধা মিলবে?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই তিন দিনে জনকল্যাণ শিবিরগুলি থেকে মূলত নিম্নলিখিত পরিষেবাগুলি দ্রুত পাওয়া যাবে:
নতুন নাম নথিভুক্তকরণ: অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, পিএম কিষান যোজনা, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্য নতুন করে নাম লেখানো যাবে।
নথিপত্র সংশোধন: ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য জরুরি সরকারি পরিচয়পত্রে কোনও ভুলত্রুটি থাকলে তা এই শিবিরেই সংশোধন করে নেওয়ার সুযোগ থাকবে।
অভিযোগ প্রতিকার: কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও কাজ প্রশাসনিক স্তরে আটকে থাকলে, সাধারণ মানুষ সরাসরি ক্যাম্পে এসে আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন।
এদিকে সপ্তাহের প্রথম দিনেই কলকাতা পুরসভায় যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে সোমবার কলকাতা পুরসভায় ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচির সূচনা করবেন তিনি। আগামী পাঁচ দিন শহর জুড়ে এই কর্মসূচি পালন করবে পুরসভা।