• অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কতা মুখ্যমন্ত্রীর
    আজকাল | ১৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চলছে 'অন্নপূর্ণা যোজনার' ফর্ম পূরণ। মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। ইতিমধ্যেই এই যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে। ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা যাতে মসৃণভাবে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য সোমবার থেকেই 'জনকল্যাণ শিবির'। এদিন পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই 'অন্নপূর্ণা যোজনা' পাওয়ার যোগ্য নিয়ে বিস্ফোরক সতর্কতা শুভেন্দু অধিকারীর।

    কী বলেছেন মুখ্যমন্ত্রী? 

    আবেদনকারীদের বারো পাতার ফর্মের মধ্যে ৯ নম্বর পাতায় অপশন রয়েছে ‘সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগন’। তার মধ্যেই রয়েছে ‘বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ’। সেখানে রয়েছে-শিশু সদস্য কতজন,সেই শিশুর নাম, সে কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি স্কুল, নাকি মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে সব তথ্য দিতে হবে। একই সঙ্গে শিশুর টিকাকরণ হয়েছে কি না তাও জানাতে হবে।

    এই ইস্যুতেই সোমবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরকেই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে।" শুভেন্দু অধিকারীর প্রশ্ন, "যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে। অথবা, সরকারি বা সরকার পোষিত কোনও স্কুলে পড়ান না তাঁদের কীসের জন্য 'অন্নপূর্ণা যোজনা' প্রয়োজন?"

    মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, "যাঁদের অন্য়ান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।"

    আর কী কী তথ্য দিতে হবে মহিলাদের?

    অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে আবেদনকারীর নাম-পরিচয়, আধার নম্বর তো দিতেই হবে। সেই সঙ্গে লাগবে পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড। জানাতে হবে রেশন কার্ডের বিষয়েও।

    পাশাপাশি, পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে। পরিবারের কে কোথায় চাকরি করেন তাও জানাতে হবে। জানাতে হবে আবেদনকারীর পরিবারে গাড়ি আছে কি না। আবেদনকারীর কি পাকা বাড়িতে আছে? থাকলেও ক'টি।

    আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়, তিনি আর কোনও প্রকল্পের সুবিধা পান কিনাও জানাতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কি না, এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে নাম বিচারাধীন আছে কি না,সেই তথ্যও জানাতে হবে সরকারকে।

     
  • Link to this news (আজকাল)