আগামী ২ ঘণ্টায় তুমুল ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ?
আজ তক | ১৫ জুন ২০২৬
অ্যালার্ট হয়ে যান। আগামী ২ ঘণ্টায় আসছে তুমুল ঝড়। সঙ্গে বজ্রপাত সহ তীব্র বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আইএমডি কলকাতার দাবি, আগামী ২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। যার ফলে একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি হলুদ সতর্কতাও জারি হয়েছে বেশ কিছু জেলায়।
কোথায় কোথায় রেড অ্যালার্ট?
আজ মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে। এছাড়া থাকতে পারে বজ্রবিদ্যুতের দাপট। তাই দক্ষিণবঙ্গের এই দুই জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, এই একই সময়ে মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি এই জেলাতেও ঝড়ের দাপট থাকতে পারে।
তাই এই সব এলাকার মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় এই সকল জেলার মানুষেরা যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকুন। এড়িয়ে যান খোলা মাঠ, খালি জায়গায় দাঁড়িয়ে থাকা গাছ এবং জলাশয়।
হলুদ সতর্কতাও জারি করা হয়েছে
দক্ষিণবঙ্গের দুই জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এক্ষেত্রে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। আগামী ২ ঘণ্টায় এখানে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। সেই সঙ্গে আকাশে চমকাতে পারে বজ্রবিদ্যুৎ। তাই সাবধান হন। চেষ্টা করুন একটু সাবধানে থাকার। এই সময় বাইরে না বেরনোই ভাল। তাহলেই বিপদ এড়িয়ে যেতে পারবেন।
এবার সারা বাংলায় বর্ষা
অবশেষে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করে গিয়েছে। যদিও বৃষ্টির দেখা প্রায় নেই। এমনকী দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন সার্বিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যদিও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।