• ৭৯ লক্ষ জন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, বিধবা ও বার্ধক্য ভাতা কবে আসবে অ্যাকাউন্টে?
    আজ তক | ১৫ জুন ২০২৬
  • আজ থেকে রাজ্যে শুরু হয়েছে ৩ দিনের ‘জনকল্যাণ শিবির’৷ এই সরকারি শিবির থেকেই সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগম এলাকায় তিন দিন ধরে চলবে জনকল্যাণ শিবির৷ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, রাজ্যের ১১০০টি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা এই শিবিরের মাধ্যমে পাওয়া যাবে। ইতিমধ্যেই ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে গিয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা  অ্যাকাউন্টে ঢুকতেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশক্তির মতো প্রকল্পগুলি নিয়ে চর্চা শুরু হয়েছে। এবার এই নিয়ে বড় বার্তা দিল রাজ্যের নতুন সরকার।

     সম্প্রতি এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’ শুধু তাই নয়, দিলীপবাবু আরও জানান, যুবকদের যে ভাতা দেওয়ার কথা, সেটাও শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে।

    প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই ইশতেহারে থাকা একের পর এক প্রকল্প চালু করছে বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যেই চালু হয়েছে। এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতা চালুর ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মালদা থেকে মুখ্যমন্ত্রী জানান, বার্ধক্য ভাতা ও যুবশক্তি প্রকল্প নিয়ে কাজ এগিয়ে চলেছে। তাঁর কথায়, 'খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে।' এই বার্তায় স্পষ্ট, আর বেশি অপেক্ষা নয়।

    নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, যুবশক্তি প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা। আগের তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পে এই অঙ্ক ছিল মাত্র দেড় হাজার টাকা — অর্থাৎ দ্বিগুণ সুবিধা। শুধু মাসিক ভাতা নয়, যাঁরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ১৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। এটি কার্যকর হলে চাকরিপ্রার্থীদের বড় সুরাহা হবে।

    শুধু যুবক-যুবতী নয়, রাজ্যের বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা চালুর বিষয়েও কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবে নাগাদ চালু হবে, সেই দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, যুবশক্তি ও বার্ধক্য ভাতা চালু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা এবং যুবশক্তি নিয়ে আমাদের কাজ এগোচ্ছে, খুব শীঘ্রই চালু হবে।' অর্থাৎ এ থেকে স্পষ্ট যে, হয়তো এই মাস কিংবা আগামী মাসের মধ্যেই যুবশক্তি ভরসা কার্ড এবং বার্ধক্য ভাতা  শুরু হবে। অর্থাৎ, যাঁরা এই প্রকল্পের সুবিধার অপেক্ষায় আছেন, তাঁরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।

    উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে নির্দিষ্ট বয়স পার হলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। সম্প্রতি মন্ত্রী অগ্নিমিত্রা পাল  জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার যাঁরা উপভোক্তা হবেন, তাঁরা সকলেই ৬০ বছর বয়সের পরে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রসঙ্গত, ভোটের সংকল্প পত্রে বিজেপি জানিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলে মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। বার্ধক্য ও বিধবা ভাতাও বাড়বে। এই দুই খাতে ভাতা দ্বিগুণ হবে, অর্থাৎ মিলবে ২০০০ টাকা করে।

    কবে থেকে প্রতিশ্রুতি মতো বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা মিলবে? 
    রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই নিয়ে বলেন, 'অন্নপূর্ণা যোজনা দিয়ে শুরু হয়েছে। আস্তে আস্তে সবটা হবে আগামী ২ মাসে।' স্বপন দাশগুপ্ত বলছেন, 'ধীরে ধীরে আমরা সব বাস্তবায়ন করছি। প্রথমেই অন্নপূর্ণা ভাতা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং ওটা মোটামুটি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ মোডে চলছে। বার্ধক্য এবং বিধবা ভাতা বাড়ানোর কথা বলেছিলাম আমরা। আশা করছি আরও দু-মাসের মধ্যে সবটা কমপ্লিট (সম্পূর্ণ) হয়ে যাবে।'
  • Link to this news (আজ তক)