মমতার কাছে নতুন গাড়ির বায়না করেছিলেন সুদীপ? 'বিচিত্র পরচুলো' কটাক্ষ করেই চ্যাট ফাঁস কুণালের
আজ তক | ১৫ জুন ২০২৬
২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ যোগ দিয়েছেন NCPI দলে। তাঁদের মধ্যে অন্যতম বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের দলবদলের পর তাঁকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
'মমতা, আমার গাড়িটার বয়স হয়ে গিয়েছে। ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই। পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে?' এ কথাই নাকি কিছুদিন আগে বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে একটি এক্স পোস্টে এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। তিনি আরও লেখেন, 'কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন বিচিত্র পরচুলো। অপূর্ব দাবি, আবদার, নির্লজ্জের মতো। অথচ নির্বাচনী হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন, ভ্রাম্যমান বিউটি পার্লারটিও কোটিপতি। তবু গাড়ির টাকা চাই পার্টির থেকে। গাড়ির বয়স হয়েছে, পাল্টাবে।' এখানে 'বিচিত্র পরচুলো' বলতে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী তথা তৃণমূলের চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, 'ভ্রাম্যমান বিউটিপার্লার' বলে।
কুণালের প্রশ্ন, 'তাহলে নিজের বয়স হয়েছে, পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন?' লোকসভায় তৃণমূলের দলনেতা পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসেন মমতা। সে কারণেই কি সুদীপের এই দলবদল। প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক। পাশাপাশি তাঁর আরও প্রশ্ন, 'যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, তিনি দলবদলে আরও কত কী চাইলেন/ পেলেন/নিলেন?'
এদিকে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের দাবি, সুদীপের জন্য দলের অনেক টাকা খরচ হয়েছে। তিনি বলেন, 'সুদীপদা যদি রোজভ্যালিকাণ্ডে ED-র মামলা থেকে অব্যাহতি চান, তাই হয়ত গিয়েছেন। ওঁর তো এমন একটা অভ্যাস আছে। কংগ্রেসে গিয়েছিলেন, আবার তৃণমূলে এসেছেন। তারপরও মমতাদি ওঁকে অন্ধের মতো বিশ্বাস করেছেন। সুদীপদা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা নতুন গাড়ি চেয়েছিলেন। কারণ দিল্লির গাড়িটা ১৭ বছর হয়ে গিয়েছে। মমতাদি দেননি। বলেছিলেন, এখন গাড়ি দেওয়া সম্ভব নয়, দলের পুরনো গাড়ি আছে, ইচ্ছে হলে ব্যবহার করুন।'
অপর সাংসদ মহুয়া মৈত্রও কটাক্ষের সুরে বলেন, ',সুদীপ বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালিকাণ্ডে। অসুখের নাটক করে BJD সরকারের সাহায্যে জেল থেকে হাসপাতালে এসেছিলেন। আবার অসুস্থতার মিথ্যা নাটক করে দিল্লি গিয়ে গদ্দারি করলেন। তাপস রায় এবং কুণাল ঘোষ আপনার সম্পর্কে ঠিক কথা বলতেন। আমরাই ভুল বুঝেছিলাম।'