• গরমে দেদার বাড়ছে বিদ্যুতের বিল, কমানোর উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুন ২০২৬
  • নন্দীগ্রাম থেকে জনকল্যাণ শিবিরের সূচনা করে পশ্চিমবঙ্গের মানুষের বড় সমস্যার সমাধান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে বিদ্যুতের বিল কমানোর উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। এখন রাজ্যে প্বল গরমের মরশুম চলছে। মানুষ সেই গরম থেকে বাঁচতে পাখা চালানোর পাশাপাশি এসি চালিয়ে থাকেন। তার জন্য বিদ্যুতের বিলও আসে প্রচুর। সেই বিল দিতে গিয়ে নাজেহাল দশা হয় রাজ্যবাসীর।

    এদিকে যাঁরা প্রান্তিক মানুষজন অথচ বিদ্যুতের বিল দিতে পারছেন না তাঁরা সৌর প্লেট লাগিয়ে সমস্যার সমাধান করতে পারেন। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল আর আসবে না বলে উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। সময়ের সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা। সংসার চালিয়ে বড় অঙ্কের বিদ্যুতের বিল দিতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যায়। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ কমাতে সোলার প্লেট বসানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাই শুভেন্দু অধিকারী বলেন, ‘বিদ্যুৎ বিলের চাপ কমাতে সোলার প্লেট বসান। তার ফলে আগামিদিনে ইলেকট্রিক বিল আর আপনার কাছে আসবে না।’

    অন্যদিকে মুখ্যমন্ত্রী শুধু মুখে বলেছেন এমন নয়। তার জন্য সহায়তাও মিলবে বলে জানিয়ে দেন তিনি। এই কথা শোনার পর সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। কেমন করে সোলার প্লেট লাগানো যাবে? কেমন করে মিলবে সাহায্য? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘প্রান্তিক মানুষ যাঁরা ইলেকট্রিক বিল দিতে পারছেন না, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘরে’র সুবিধা নিন। এক্ষেত্রে ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা, ৩০০ ইউনিট সৌরে প্ল্যানে ৭৮ হাজার টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাদের দেবে।’

    তাছাড়া কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা হলো ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’। এই যোজনার মূল উদ্দেশ্য, সাধারণ মানুষকে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। সেক্ষেত্রে বাড়ির ছাদে সোলার গ্রিড-সংযুক্ত সোলার প্যানেল বসিয়ে এই সুযোগ নেওয়া সম্ভব। তার জেরে প্রত্যেক মাসে সর্বোচ্চ ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। শুভেন্দু অধিকারীর দাবি, ‘এই টাকায় বাড়িতে সৌর প্লেট বসানো হলে আগামী দিনে ইলেকট্রিক বিল আর আসবে না। এটার আবেদন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবির থেকেই মিলবে। পিএম সূর্য ঘর যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করেও সুবিধা মিলবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)