• সই জাল কাণ্ডে বিধানসভায় হাজির সিআইডি, অভিষেক-কুণালকে জেরার পরই পদক্ষেপ
    দৈনিক স্টেটসম্যান | ১৫ জুন ২০২৬
  • সই জাল কাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে সিআইডি। ইতিমধ্যেই দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির তদন্তকারীরা। একবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কুণাল ঘোষকে। এমনকী তাঁদের নাকি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। সেখান থেকে যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা সেসব সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার বিধানসভায় পৌঁছে গেলেন তদন্তকারীরা। যে তথ্য হাতে পাওয়া গিয়েছে সেসব কতটা সত্যি তা যাচাই করে দেখতে চান তদন্তকারীরা।

    এদিকে কুণাল ঘোষ ও অভিষেকের বয়ান শোনার পর সিআইডি অফিসারদের মনে বেশ কয়েকটি বিষয়ে সন্দেহ দানা বেঁধেছে। দুজনের বয়ানে মিল নেই বলে সিআইডি সূ্ত্রে খবর। এবার হাতে গরম তথ্য জোগাড় করতে বিধানসভায় হাজির হলেন সিআইডির তদন্তকারীরা। এই সই জাল কাণ্ডের শিকড়ে পৌঁছতে বিধানসভায় হাজির হলেন সিআইডি অফিসাররা। স্পিকারের সচিবালয়ে রেজোলিউশন কপি সংক্রান্ত কোনও তথ্য মেলে কিনা তাই জন্যই এই হানা। কারণ এই রেজোলিউশন কপি কোথায় আছে তা জানেন না বলে অভিষেক তদন্তকারীদের জানিয়েছেন।

    অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই রেজোলিউশনের কপি খুঁজছে সিআইডি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়েও তল্লাশি চালিয়েছিল সিআইডি। অভিষেককে বারবার রেজোলিউশনের কপি কোথায় আছে জিজ্ঞাসা করা হলেও তৃণমূল সাংসদ তা জানাতে পারেননি। ‘জানি না’ বলে এড়িয়ে গিয়েছেন। এই কারণেই এবার সই জাল কাণ্ডের রহস্য উন্মোচনে বিধানসভায় হাজির সিআইডি টিম। এবার রেজোলিউশন কপি সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর খুঁজতেই অফিসাররা বিধানসভায় গিয়েছেন বলে সূত্রের খবর। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের রেজোলিউশন বুক রাখার দায়িত্বে কারা আছেন? তৃণমূল দলের গঠনতন্ত্র কী বলছে? এসব প্রশ্ন করা হয়েছিল অভিষেককে বলে সূত্রের খবর।

    তাছাড়া এইসব প্রশ্নের উত্তর ডায়মন্ডহারবারের সাংসদ দিয়েছেন বলেও জানা গিযেছে। ওই বৈঠকের মিনিটস কোথায়? জিজ্ঞাসা করা হয়েছিল। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মিনিটস হয়েছিল। কিন্তু সেটি কোথায় আছে, তাঁর জানা নেই। সই কাণ্ডের রহস্যভেদে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের বিধায়ক যাদের নাম জড়িয়েছে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করছে সিআইডি বলে তৃণমূল সূত্রে খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)