বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। স্পষ্ট জানালেন, ৫০ বছর ধরে তিনি রাজনীতি করছেন কিন্তু দেশের এমন দুর্দশা দেখেননি কখনও। বিজেপি ধর্মের রাজনীতি করছে, এমনটা দাবি করে গেহলটের মত, ইন্দিরা গান্ধী জীবিত থাকলে দলটাকে নিষিদ্ধ করে দিতেন। প্রসঙ্গত, জরুরি অবস্থা চলাকালীন আরএসএসকে নিষিদ্ধ করেছিল ইন্দিরার প্রশাসন। তারপর গেহলটের এহেন মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আজ যদি ইন্দিরা গান্ধীর মতো কোনও নেতা থাকতেন তাহলে বিজেপিকে অবশ্যই নিষিদ্ধ করতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর। এই অবস্থায় দেশের মানুষ যদি সচেতন না হন তাহলে দেশবাসীকেই ফল ভুগতে হবে।” গেহলটের কথায়, বিজেপি ধর্মের রাজনীতি করছে। সেকারণেই মুসলিম রাজনীতিকদের নির্বাচনে টিকিট দেয় না তারা।
বিজেপিকে বিঁধে গেহলট (Ashok Gehlot) আরও বলেন, “লোক দেখানোর জন্য হলেও কয়েকটা আসনে মুসলিম প্রার্থী দিতে পারে বিজেপি। কিন্তু তারা দেখাতে চায়, এই দলটা স্রেফ হিন্দুদের। কেবল হিন্দুত্ব উসকে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। সেকারণেই আজ ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন। শুধু হিন্দুত্ব দিয়ে কি একটা রাজনৈতিক দল চলতে পারে? হিন্দুদের কাজে লাগিয়ে রাজনীতি করা যায়?”
গেহলটের এই মন্তব্যের পালটা দিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস আসলে হিন্দুবিদ্বেষী, সেটা অশোক গেহলটের কথাতেই স্পষ্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে হিন্দুত্ব জীবনধারণের অংশ। সেটা কেউ কী করে নিষিদ্ধ করতে পারে? কংগ্রেস আসলে মুসলিমদের দল, তাই ওরা সকলের আগে মুসলিমদের স্বার্থ রক্ষা করে। কিন্তু হিন্দুত্ব নিয়ে কিছু বললেই সেটা ওদের কাছে ঘোরতর অপরাধ।” প্রসঙ্গত, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে হামেশাই আক্রমণ করে বিজেপি। এবার পদ্ম শিবিরকে নিষিদ্ধ করা নিয়ে মন্তব্য করে কি সেই বিষয়টিই উসকে দিলেন গেহলট? আগামী দিনে কি এই মন্তব্যের জেরে বিপাকে পড়বে কংগ্রেস?