• প্রবল গরমে কীভাবে কমবে বিদ্যুতের বিল? উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
    প্রতিদিন | ১৫ জুন ২০২৬
  • প্রবল গরমে বিদ্যুৎ বিল কমাতে এবার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলায় ইলেকট্রিকের খরচ তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি! পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই বিষয়ে একাধিক সময় আন্দোলনও হয়েছে। কিন্তু বিকল্প পথ বের হয়নি। ফলত সময়ের সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা। এহেন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ কমাতে সোলার প্লেট বসানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। এজন্য কেন্দ্রের সরকারের থেকে কীভাবে সাহায্য পাবেন তাও এদিন জানান। মুখ্যমন্ত্রী বলেন, ”এর ফলে আগামিদিনে ইলেকট্রিক বিল আর আপনার কাছে আসবে না।”

    আজ, সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, ”প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘরে’র সুবিধা নিন। এক্ষেত্রে ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা, ৩০০ ইউনিট সৌরে প্ল্যানে ৭৮ হাজার টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাদের দেবে।” শুভেন্দু অধিকারীর কথায়, এই টাকায় বাড়িতে সৌর প্লেট বসানো হলে আগামিদিনে ইলেকট্রিক বিল আর আসবে না। এর আবেদন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবির থেকেই পাওয়া যাবে বলেও এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

    মানুষের রায়ে বাংলার মসনদে ‘ডবল ইঞ্জিন’ সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন। আর এরপরেই একের পর এক কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা মানুষ পেতে শুরু করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাও।

    বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোজনা হল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’। এই যোজনার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিপুল বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। এক্ষেত্রে বাড়ির ছাদে সোলার গ্রিড-সংযুক্ত সোলার প্যানেল বসানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। ‘জনকল্যাণ শিবিরে’র পাশাপাশি এই যোজনার সুবিধা পেতে অনলাইনেও আবেদন করা যাবে। এজন্য পিএম সূর্য ঘর যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। 
  • Link to this news (প্রতিদিন)