জমিদখল করে ৫ কোটি আত্মসাৎ! সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে চার্জ গঠন ইডির
প্রতিদিন | ১৫ জুন ২০২৬
সন্দেশখালিতে জমিদখলের মামলায় চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ কলকাতায় ইডির বিশেষ আদালতে শাহজাহান শেষ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইডির অভিযোগ, সন্দেশখালির ভয় দেখিয়ে জমি জবরদখল করা হত। এরপর সেই সব জমি থেকে টাকা উপার্জন চলত। এভাবে উপার্জন করা মোট ৫ কোটি টাকা শনাক্ত করেছেন তদন্তকারীরা। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
জানা গিয়েছে, শাহজাহান ছাড়াও আরও ৩ জনের নাম ইডির চার্জশিটে রয়েছে। তাঁরা হলেন, আলমগির, শিবপ্রসাদ হাজরা ও দিদার বক্স মোল্লার। ইডির এই মামলায় ৭ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জানা গিয়েছে এই মামলায় ৩০ জন সাক্ষী রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে জমি দখল করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইডি। কিন্তু শাহজাহানের বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা হয়। এরপর থেকে বেপাত্তা হয়ে যান শাহজাহান। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তাঁর বিরুদ্ধে সন্দেশখালিতে গ্রামবাসীদের উপর অত্যাচার-সহ, নারী নির্যাতন, জমিদখল, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সিবিআইয়ের হেফাজতে থাকাকালীনই দুর্নীতির অভিযোগে শাহজাহানকে হেফাজতে নেয় ইডি। আজ জমিদখল মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হল।