রুপোলি ইলিশের খোঁজে বঙ্গোপসাগরে পাড়ি ৩ হাজার ট্রলারের! প্রথম ট্রিপেই আশঙ্কার মেঘ, তবুও আশায় সকলে
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
: উঠেছে ব্যান পিরিয়ড, ফলে ইলিশের একবুক আশা নিয়ে প্রায় দু’মাস পর সমুদ্রে পাড়ি দিল মৎস্যজীবীরা। দু’মাস পর প্রথম ট্রিপ ভাল হওয়ার সম্ভবনা থাকে। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই মাছ নিয়ে ফিরবে ট্রলার। এবছর পরিমাণ মতো তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা, ফলে অসুবিধা হতে পারে। এক একটি ট্রলারে প্রায় ৩-৪ হাজার লিটার পর্যন্ত তেল লাগে। সেই তেল পাওয়া এখন দুষ্কর হয়ে উঠেছে। এই কথা জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস, অলোক হালদাররা।
যদিও সমস্ত সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন সকলেই। জানা গিয়েছে, গভীর সমুদ্রে এবছর পাড়ি জমিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় তিন হাজার ট্রলার। পুজো দিয়ে ট্রলারগুলি পাথরপ্রতিমার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর ঘাটের কাছে অপেক্ষা করবে। সেখান থেকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেবে তারা। দীর্ঘ প্রায় দু’মাস নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। কারণ ওই সময়টা মাছেদের প্রজননের মরশুম। সেজন্য কোন ট্রলার নদী ও সমুদ্রে মাছ ধরতে যায় না।
১৪ জুন গভীর রাত থেকে নিষেধাজ্ঞা উঠেছে। এবার ট্রলারগুলি মাছ ধরার জন্য ফের গভীর সমুদ্রে পাড়ি দেবে। সেই মতো ট্রলারগুলি বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে অপেক্ষা করবে। তারপরই সবাই জাল ফেলার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাবে। প্রথম দফায় চার থেকে পাঁচদিন জাল টানার পর ট্রলারগুলি আবার উপকূলের দিকে ফিরে আসবে। এখন দেখার প্রথম টিপে কত মাছ হয় এবছর।