• সার্ভাইকাল ক্যানসার রুখতে এবার মাঠে খোদ গোবরডাঙ্গা থানার আইসি! বড় পদক্ষেপে খুশি সকলে
    News18 বাংলা | ১৫ জুন ২০২৬
  • : শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে সচেতনতার বার্তা, এগিয়ে এলেন খোদ গোবরডাঙ্গা থানার মহিলা আধিকারিক। সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে সরকারের বিনামূল্যে এইচপিভি (HPV) ভ্যাকসিন কর্মসূচিকে সফল করতে ও এই ভ্যাকসিন নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ দেখা গেল গোবরডাঙ্গায়। জেলার শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যেই বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

    তবে এখনও বহু মানুষের মধ্যে এই ভ্যাকসিন সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে। সেই প্রেক্ষিতেই সচেতনতামূলক প্রচারে সামিল হতে দেখা গেল গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষকে। এদিন তিনি গোবরডাঙ্গা খাটুরা গার্লস হাইস্কুলে উপস্থিত হয়ে ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, অল্প বয়সেই এই ভ্যাকসিন গ্রহণ করলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

    এদিন স্কুলের বহু ছাত্রী এই ভ্যাকসিন গ্রহণ করে। স্বাস্থ্যকর্মীরা জানান, এইচপিভি ভাইরাসের সংক্রমণ থেকেই অধিকাংশ ক্ষেত্রে সার্ভাইকাল ক্যানসার হয়। ভ্যাকসিন গ্রহণের ফলে শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। ইতিমধ্যেই জেলার মহিলা বিদ্যালয়গুলিকে এই ভ্যাকসিন নেওয়ার সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে।

    জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পাশাপাশি মহিলাদের ও কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। জেলার স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, এই ভ্যাকসিনের অন্যতম সুবিধা হল সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে কার্যকর সুরক্ষা প্রদান, এইচপিভি সংক্রমণের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এইচপিভি ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সার্ভাইকাল ক্যানসারের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আগামী দিনে ক্যানসারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে স্বাস্থ্য মহল।
  • Link to this news (News18 বাংলা)