• ‘চলো বিস্কুট খাওয়াব...’, ৩ বছরের শিশুকে ফুঁসলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত বিহারের পরিযায়ী শ্রমিক
    এই সময় | ১৫ জুন ২০২৬
  • বয়স মাত্র তিন। বাড়ির সামনেই খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ শিশুকন্যা। বহুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। অনেক পরে বাড়ির অদূরে একটি ঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় মেলে খুদের সংজ্ঞাহীন দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। চিকিৎসকেরা জানান, পাশবিক অত্যাচারের শিকার হয়েছে খুদে মেয়েটি। যৌন নির্যাতনের শিকার হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুভল্লুর জেলায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

    তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিহারের ১৯ বছর বয়সি পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ভিভিন মঞ্চ। জানা গিয়েছে, মৃত শিশুটির পরিবারের লোকজনও বিহারের বাসিন্দা এবং তাঁরা কাজের সূত্রে তামিলনাড়ুর গুম্মিডিপুন্ডি এলাকায় থাকতেন। অভিযুক্তের বাড়িও ওই একই জায়গায়। রবিবার বিকেলে বাড়ির সামনেই খেলছিল শিশুটি। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় কাছাকাছি একটি নির্জন এলাকা থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়।

    পরে এক প্রতিবেশী জানান, তিনি শিশুটিকে তাদেরই এলাকার বাসিন্দা ভিভিনের ঘরে যেতে দেখেছিলেন। এর পরেই সন্দেহ গিয়ে পড়ে ওই যুবকের উপর। পুলিশে দায়ের হয় অভিযোগ।

    তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার বয়ানে অসঙ্গতি পাওয়ায় যুবককে গ্রেপ্তার করা হয়। পরে জেরায় সে স্বীকার করে, শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে সে নিজের ঘরে ডেকেছিল। পরে তার উপর অত্যাচারের কথাও ওই যুবক স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সে-ও বিহারের বাসিন্দা এবং স্থানীয় শিল্পাঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করছিল জানা গিয়েছে।

    ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সমস্ত ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (POCSO)- এর অধীনে একটি মামলা দায়ের করেছিল। কিন্তু শিশুটির মৃত্যু হওয়ায় হত্যার অভিযোগও যুক্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)