Breaking: আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভায় কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক ও বিদায়ী কাউন্সিলার এবং পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন তিনি। পুরসভার এলাকা পুনর্বিন্যাসের পরেই এই নির্বাচন সংগঠিত হবে বলে এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছুদিন আগেই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার মেয়াদ রয়েছে। তবে মেয়র ইস্তফা দেওয়ার কারণে পুর বোর্ড ভেঙে গিয়েছে। সেই কারণে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করেছে।
তবে কলকাতা পুরসভার পরিষেবামূলক কাজ যাতে সুষ্ঠু ভাবে চলে, সেই কারণে সমস্ত কাউন্সিলারকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার প্রশাসককে সমস্ত কাজের ক্ষেত্রে সহায়তা করার কথাও জানানো হয়েছে। এমনকী কলকাতা পুরসভার কাউন্সিলারদের পাশাপাশি পুরসভা এলাকার বিধায়করাও সার্টিফিকেট ইস্যু করতে পারবেন বলে জানানো হয়েছে।
কলকাতা পুরসভা এলাকায় ডিলিমিটেশন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে এ দিন জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘আমি যে হেতু ভবানীপুরে লড়েছি, সেখান দেখেছি ৭৭ নম্বর ওয়ার্ডের ৪৯টি বুথ আবার বহু ওয়ার্ডে ২০টির নীচে বুথসংখ্যা।… আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত। এটা রাজ্য সরকার সুপারিশ করে এবং রাজ্য নির্বাচন কমিশন কাজটা করে। যাদের কাজ এটা তারা করবেন।’