অনিবার্য পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশ নিষেধ! বড় নির্দেশ বন দফতরের
TV9 বাংলা | ১৫ জুন ২০২৬
দেবব্রত মণ্ডল, ক্যানিং: সুন্দরবনে প্রবেশ নিষেধ। এই মর্মে ট্যুর অপারেটর ও হোটেল মালিকদের কড়া নির্দেশ দিয়েছে বন দফতর। ১৬ থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনে যেতে পারবেন না পর্যটকরা। ওই কয়েকটা দিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে (STR) সমস্ত ধরণের পর্যটন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, অনিবার্য প্রশাসনিক পরিস্থিতির জন্য এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কিছু কর্মসূচির জন্যই এই প্রবেশাধিকার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সময় হুগলি নদীতে ভাসমান নৌকায় মেগা যোগাভ্যাস হবে। বাবুঘাটেও বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। এই মেগা ইভেন্টের মূল আকর্ষণ হতে চলেছে হুগলি নদীর বুকে নৌকার ওপর বিশাল যোগাভ্যাস।
আর এই অনুষ্ঠানের জন্য সুন্দরবন অঞ্চল থেকে অসংখ্য বড় নৌকা এবং লঞ্চ কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সেই কারণেই ওই কয়েকটা দিন সুন্দরবনে যেতে নিষেধ করা হয়েছে।
এই ৮ দিন সুন্দরবনের পর্যটনের জন্য অনলাইন বুকিং পোর্টালও সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকবে। কোনও প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সমস্ত ইকো-ট্যুরিজম স্পটে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৪ জুন ২০২৬ থেকে সুন্দরবনে পর্যটন কার্যক্রম আবার স্বাভাবিক নিয়মে শুরু হবে।
বন দফতরের পক্ষ থেকে সমস্ত ট্যুর অপারেটর, বোট ও হোটেল মালিকদের এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। এই সময়কালের সমস্ত বুকিং বাতিল বা স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।