আজকাল ওয়েবডেস্ক: আকস্মিক বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের। শালিক পাখির বাচ্চা ঘরে আনতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি এবং ঘনঘন বাজ করতে থাকে। সেই সময় নদিয়ার কল্যাণী থানার সগুনা এলাকায় শালিক পাখির বাচ্চা আনতে গিয়েছিল কিশোর মানস ব্যাপারী। ওই সময় আচমকাই বজ্রপাত হয় এবং তাতে গুরুতর জখম হয় মানস।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি কল্যাণী থানার লিচুতলা এলাকায়।
পরিবারের একমাত্র সন্তান ছিল সে। হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, আজ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ায়। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী রবিবার পর্যন্ত নদিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। প্রবল ঝড়বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এই জেলায়।