• ২১জুলাইয়ের আগের দিনই ঘটবে বড় ঘটনা! কী হবে তৃণমূলের?
    আজকাল | ১৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদাররা বর্তমানে কোন দলে আছেন, তৃণমূল নাকি এনসিপিআই পার্টিতে? রবিবারই দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে সুদীপরা দাবি করেছেন, তৃণমূলের সিংহভাগ সাংসদ নিয়ে তাঁরা এনসিপিআই-এর সঙ্গে মিশে যাচ্ছেন। যার অর্থ দাঁড়ায়, তাঁরা আর তৃণমূলের সাংসদ নন। কিন্তু এই দাবি থেকে এবার নিজেই সরে এলেন স্বয়ং সুদীপই। 

    সোমবার সুদীপ যে দাবি করেছেন, তা মমতাপন্থী তৃণমূলীদের রীতিমতো আশঙ্কায় ফেলে দিয়েছে। কী বলেছেন সুদীপ? উত্তর কলকাতার সাংসদ বলেন, ''২০ জুলাই সংসদের অধিবেশন চালু হবে। তখন তৃণমূল কংগ্রেসের নামে একটি দল আসবে। সেই সময়ে আমাদের পক্ষ থেকে বলব, আমরাও তৃণমূল কংগ্রেস। সাংসদদের সংখ্য়া গোণা হোক। শেষ পর্যন্ত গোটা বিষয়টা আদালতে গিয়ে ফয়সালা হবে। আমার অভিজ্ঞতা বলছে, যত দিন এটা চলবে, তত দিন জোড়াফুল প্রতীকটা বাজেয়াপ্ত হয়ে থাকতে পারে।''

    তাহলে কি সুদীপরা তৃণমূলের প্রতীক দাবি করতে নির্বাচনে কমিশনে যাবেন? সুদীপের সাফ জবাব, ''এখনই তৃণমূলের দাবিদার হয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাওয়া হচ্ছে না। আপাতত মিশে থাকা হবে এনসিপিআই-তেই।'' সুদীপ জানান, এই পুরো বিষয়টা এই ভাবে ভাবা হয়েছে প্রক্রিয়াগত কারণেই।

    সুদীপরা যখন এই কাণ্ড ঘটাচ্ছেন দিল্লিতে, তখন পাল্টা তোপ দেগেছেন বেলেঘাটার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তুলে আনেন, সুদীপের গাড়ি কিনতে মমতার সাহায্য় চাওয়ার প্রসঙ্গও। শুধু তাই নয়, দলবদল করতে সুদীপ কী কী 'চেয়েছেন', তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। কী লিখেছেন কুণাল? তৃণমূল বিধায়ক ফেসবুকে লিখেছেন, ''মমতা, আমার গাড়িটার বয়স হয়ে গেছে। ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই। পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে?" কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন বিচিত্র পরচুলো। অপূর্ব দাবি, আব্দার, নির্লজ্জের মত। অথচ নির্বাচনী হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন, ভ্রাম্যমান বিউটিপার্লারটিও কোটিপতি। তবু গাড়ির টাকা চাই পার্টির থেকে। গাড়ির বয়স হয়েছে, পাল্টাবে। তাহলে নিজের বয়স হয়েছে, পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন??? আরও প্রশ্ন, যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, তিনি দলবদলে আরও কত কী চাইলেন/ পেলেন/নিলেন???? (বানান পরিবর্তীত)

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের কী পরিণতি হবে, সেই নিয়েই এখন তুঙ্গে জল্পনা। তবে, সুদীপ যেভাবে ২০ জুলাই সংসদের অধিবেশনে এ বিষয়টি নিয়ে পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ২১ জুলাইয়ের ঠিক আগেই তৃণমূল নিয়ে বড় কোনও রাজনৈতির লড়াই দেখবে বাংলা?

     
  • Link to this news (আজকাল)