মিল্টন সেন: আবার চলল বুলডোজার। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো সরকারি জায়গায় অবস্থিত তৃণমূলের পার্টি অফিস। উত্তরপাড়ার একাধিক সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে পার্টি অফিস। কোথাও আবার তৈরি হয়েছে দোকান। সরকারি জমি খালি করে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক।
তাঁর বিধানসভায় কোনও জায়গায় সরকারি জমি দখল করে কোনও নির্মাণ চলবে না। যেমন কথা তেমন কাজ। এরপরই সরকারি জায়গা, যেগুলি দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে সেগুলি ভেঙ্গে গুড়িয়ে দিতে উদ্যোগী হন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে।
সোমবার তিনি বলেছেন, "বুলডোজার চলবে। বামপন্থীরা আটকাতে পারবে না। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ হলে বারবার বুলডোজার চলবে।" এদিন হুগলির কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকায় সরকারি জায়গায় তৈরি তৃণমূলের কার্যালয়ে চললো বুলডোজার। ভেঙে দেওয়া হল কার্যালয়টি।
দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল তৃণমুলের কার্যালয়। সোমবার উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস ভেঙ্গে সরকারি জায়গা খালি করেন।
দীপাঞ্জন বাবু বলেন, "তৃণমূল রাজত্বে দখলদারি হয়েছে। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বড় বড় তৃণমূলের পার্টি অফিস। আর সেই তৃণমূলের অবৈধ নির্মাণ যখন ভাঙতে যাচ্ছি তখন সিপিএমের গাত্রদাহ হচ্ছে। বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হচ্ছে আমার সম্বন্ধে। আমি তাদের বলবো, যেখানেই সরকারি জমির উপর তৃণমূলের পার্টি অফিস দেখব, সব ভেঙে গুঁড়িয়ে দেব। আর এই পার্টি অফিস গুলি থেকে কখনও মানুষকে পরিষেবা দেওয়া হয়নি। এগুলো ছিল মানুষকে ভয় দেখানোর জায়গা। সরকারি জমির উপর কোনও রকম তৃণমূলের পার্টি অফিস থাকবে না। সব ভেঙে দেওয়া হবে। অনেকেই আমাকে বুলডোজার বাবা বলছে। ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কে বুলডোজার বাবা বলা হয়। আর এটাও ইউপি মানে উত্তরপাড়া এখানেও অবৈধ নির্মাণ হলে আমি বুলডোজার চালাবো।"
এর আগেও বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে দেখা গিয়েছিল বুলডোজার নিয়ে পার্টি অফিস ভাঙতে। কোন্নগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। ভেঙে দেওয়া হয়েছিল ওই ওয়ার্ডে সরকারি জমির উপর গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান। এবার সেই বিধায়ককেই আবারও দেখা গেল কোন্নগর পুরসভার জোড়াপুকুর এলাকায় বুলডোজার চালাতে। ভেঙে গুড়িয়ে দিলেন সরকারি জমির উপর গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস।