আজকাল ওয়েবডেস্ক: সুদীপ ব্যানার্জি-নয়না ব্যানার্জি। 'পাওয়ার কাপল' বলতে যা বোঝায়, বাংলার রাজনীতিতে তাঁরা কার্যত তাই ছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কী হচ্ছে? স্বামী-স্ত্রীর অবস্থান কি পরস্পর বিরোধী? জল্পনা তা নিয়েই।
কারণ, সুদীপ ব্যানার্জি ইতিমধ্যে বিদ্রোহী সাংসদদের হাত ধরে, এনসিপিআই নামক অখ্যাত এক দলের সঙ্গে মিশে গিয়েছেন। ওই দলে যোগ দিয়ে তাঁরা সমর্থন করবে এনডিএ'কে। সূত্রের খবর, সোমেই এনসিপিআই নেতৃত্ব যোগ দেবে এনডিএ'তে। একই সঙ্গে তুমুল জল্পনা, এই বিদ্রোহী ২০ সাংসদ, যাঁরা মমতার হাত ছেড়ে সংসদে বিজেপি, এক কথায় এনডিএ জোটের শক্তি বাড়াচ্ছে, তাঁদের মধ্যে দু'জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায়, প্রতিমন্ত্রীর পদ দেওয়া হবে। আর ওই দু'জনের মধ্যে একজন উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জি। যদিও এই বিষয়ে সুদীপ ব্যানার্জির তরফে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। জল্পনা, প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন শর্মিলা সরকারও। যদিও এই তথ্যেরও নিশ্চয়তা মেলেনি।
তবে সুদীপের এই বিদ্রোহী দলে যোগ দেওয়ার মাঝে নজর ছিল, তৃণমুলের টিকিটে জেতা নয়না ব্যানার্জির দিকে। তিনি এখনও ঋতব্রতদের বিদ্রোহী শিবিরে নাম লেখাননি। এবার তিনি কী করবেন? রাজনীতিতে কী হবে তাঁর অবস্থান? এসবের মাঝেই আবার সামনে এসেছে কুণাল ঘোষের ফেসবুক পোস্ট। তাতে তিনি সুদীপ-নয়না কারও নাম উল্লেখ না করেই, কিন্তু স্পষ্ট ইঙ্গিতে লিখেছেন-' মমতা, আমার গাড়িটার বয়স হয়ে গেছে। ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই। পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে?" কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করেছিলেন বিচিত্র পরচুলো। অপূর্ব দাবি, আব্দার, নির্লজ্জের মত। অথচ নির্বাচনী হলফনামায় কোটিপতি, নিজে শুধু নন, ভ্রাম্যমান বিউটিপার্লারটিও কোটিপতি। তবু গাড়ির টাকা চাই পার্টির থেকে। গাড়ির বয়স হয়েছে, পাল্টাবে। তাহলে নিজের বয়স হয়েছে, পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন??? আরও প্রশ্ন, যিনি পার্টির কাছে গাড়ির টাকা চাইতে পারেন, তিনি দলবদলে আরও কত কী চাইলেন/ পেলেন/নিলেন???'
তার প্রেক্ষিতেই নয়না ব্যানার্জি জানিয়েছেন, সুদীপ ব্যানার্জির রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে তাঁর নাম জড়ানো অর্থহীন। সঙ্গেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আমি কোনওদিন দিদিকে ছাড়ব না।' সঙ্গেই তাঁর সংযোজন, মমতা বা তৃণমূল কংগ্রেস তাঁকে ছাড়লে, তিনি 'অনাথ' হয়ে ঘুরবেন।
তবে বাংলার রাজনীতিতে দিনে দিনে যে পট পরিবর্তন ঘটছে, তাতে এখন কার অবস্থান কী হয়, কোন বেলায়, নজর সেদিকেই।