কালীঘাটে আক্রান্ত কুণাল! মমতার বাড়ির সামনেই যা ঘটল
আজকাল | ১৬ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধের মুখে, কালীঘাটে, মমতা ব্যানার্জির বাড়ির ঠিক সামনে, আক্রান্ত কুণাল ঘোষ। মমতা ব্যানার্জির বাড়ির বাইরে পা দিতেই, বেলেঘাটার বিধায়কের মাথায় ডিম ছুড়ে মারেন জনৈক এক ব্যক্তি।
সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। সাড়ে ছ'টা নাগাদ তিনি বেরোন মমতার বাড়ি থেকে। ঠিক সেই সময়েই, এক যুবক কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়েন। বেলেঘাটার বিধায়কের মাথা লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, 'এইসব করে থামানো যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, সারা বাংলা এবং আপনার কেন্দ্র, প্রশ্রয় দেবেন না।' সঙ্গেই বলেন, 'একটা লোক, রাস্তায়, নিরস্ত্র, সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। এদের সঙ্গে আমার কোনও শত্রুতা নেই, কোনও উত্তেজনা নেই, জনরোষের কোনও সম্পর্ক নেই।' সঙ্গেই তিনি বলেন, তাঁর এলাকায়, ওই নির্দিষ্ট এলাকার বহু মানুষ তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কুণাল তাঁদের নিষেধ করেছেন। বলেন, 'আমি ওখান দিয়েই যাব। মাররা হলে আপনাদের সামনে মারুক। আমি মার খেতেই যাচ্ছি। আমি ওইখান দিয়েই যাব।'
মমতা ব্যানার্জি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ঘটনা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কুণাল ঘোষ, এদিন নিজের বক্তব্যে তাও স্পষ্ট করেন বেলেঘাটার বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘটনার প্রেক্ষিতে লেখেন, 'এ কি সেই একই???
মমতাদির বাড়ি থেকে বেরোলাম। মিডিয়ার প্রতিনিধিরা দাঁড়াতে বললেন। দাঁড়ালাম। সেই সময় একজন ডিম ছুঁড়ল। অন্যজন ছবি তুলছিল। বাঁচোখটা অল্পের জন্য রক্ষা পেল। পুলিশ ধরল না। জামাই আদর করে পালাতে দিল। আমি ভেতরে গেলাম। মাথা ধুলাম। নেত্রী ও নেতাদের জানালাম। পুলিশে অভিযোগ পাঠালাম। কল্যাণদা সাংবাদিকদের যা বলার বললেন। খবর ও ছবি এলো আজও কজন দুষ্কৃতী ডিম, পাথর নিয়ে মোড়ে দাঁড়িয়ে। আমি বললাম, ওরা যা পারে করুক। গাড়িতে উঠব না। মোড় অবধি হেঁটেই যাব। হেঁটে গেলাম। জয় বাংলা শ্লোগান দিলেন কিছু কর্মী। মোড়ে গুন্ডাগুলো সরে গেল। ওখানে দাঁড়িয়ে আবার সাংবাদিকদের সঙ্গে কথা বললাম। তারপর গাড়িতে উঠেছি।
শুনলাম ডিমছোঁড়া বাঁদরটা নাকি মমতাদির বাড়ি সিআইডি রেডের সময় পুলিশের উইটনেস ছিল। সিজার লিস্টেও নাকি ওরই সই। তাহলে কি ওই বাড়িকে ঘিরে হামলার রেইকি করানো হয়েছিল? Z ক্যাটাগরির নিরাপত্তার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এসব কী?
আজ যারা আক্রমণ করল, গ্রেপ্তার চাই।
ওই ছেলেটাই উইটনেস হিসেবে ঢুকেছিল কিনা, তদন্ত হোক। যদি তাই হয়, তাহলে মমতাদি নিরাপদ নন। তাঁর বাড়ি ঘিরে কোনো খারাপ পরিকল্পনা চলছে।
আমি ডিম ভালোবাসি। এসব ছ্যাঁচড়ামি করে আমাকে নড়ানো যাবে না।'