গোলাপ সাহা: আরজি কর হাসপাতালে ফের ছড়াল তীব্র উত্তেজনা। এবার বকেয়া বেতন, বেতনের অস্বচ্ছতা এবং স্থায়ী করার দাবিতে আন্দোলনে নামলেন হাসপাতালের গ্রুপ সি ও গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মীরা। পরিষ্কার জানিয়ে দেওয়া হল, বেতন ঠিকমতো না দিলে এবং তা না বাড়ালে তারা আর কাজে যোগ দেবেন না।
আন্দোলনকারী কর্মীদের ক্ষোভ, তারা প্রতি মাসে ঠিক কত টাকা বেতন পান, সেটাই তারা নিজেরা জানেন না। কারণ তাদের কোনও ‘পে স্লিপ’ দেওয়া হয় না। প্রতি মাসে ইপিএফ (EPF) বাবদ হাজার টাকার বেশি কেটে নেওয়া হলেও, সেই টাকা চাইতে গেলে কোনও হদিস মেলে না। এমনকি মিলছে না নূন্যতম মেডিকেল সুবিধাও।
ক্ষুব্ধ কর্মীদের অভিযোগের তির মূলত পূর্বতন তৃণমূল সরকারের দিকে। তাদের দাবি, তৃণমূলের জামানায় রাতারাতি তাদের অন্ধকারে রেখে একটি নতুন প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করে দেওয়া হয়েছিল। এই চরম দুর্নীতির অবসান চেয়ে এবার সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কর্মীরা। তাদের স্পষ্ট আবেদন— চুক্তিভিত্তিক দাসত্ব আর নয়, অবিলম্বে তাদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করতে হবে।