আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ দুই দফায় প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের গোটা প্রক্রিয়াটি ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দপ্তরে জানানো হয়েছে এবং দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা সেই বয়ান খতিয়ে দেখার পরই তাঁকে ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি স্পষ্ট ভাষায় জানান, "গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক নই।" এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন যে, সেই সময় যাঁরা গ্রেফতার হয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই আর এখন হেফাজতে নেই। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ডায়মন্ড হারবারের সাংসদ।