• যোগাযোগ বাড়বে কলকাতা এবং বনগাঁর মধ্যে! যশোর রোডকে চার লেনে সম্প্রসারণের আশ্বাস বিধায়কের
    News18 বাংলা | ১৬ জুন ২০২৬
  •   বনগাঁ থেকে কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে যশোর রোডকে চার লেনে সম্প্রসারণের আশ্বাস দিলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। বনগাঁ সাব-ডিভিশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বনগাঁ থেকে বারাসত পর্যন্ত এলাকার সমস্ত জনপ্রতিনিধি সহযোগিতা করবেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবদাস মণ্ডল বলেন, বনগাঁ ও কলকাতার মধ্যে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে অতীতে যশোর রোড সম্প্রসারণ বা বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের সেই দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

    পাশাপাশি প্রাক্তন শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, অতীতে উন্নয়নের নামে সাধারণ মানুষের জমি ও ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, সাধারণ মানুষের দোকান বা জমি কেড়ে নেওয়ার নাম উন্নয়ন হতে পারে না। এবার মানুষ প্রকৃত উন্নয়ন দেখতে পাবেন। যশোর রোড চার লেনে সম্প্রসারণের সম্ভাবনা এবং উন্নয়নের আশ্বাসকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ বছর ধরে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা জাতীয় সড়ক যশোর রোড বেহাল অবস্থার পাশাপাশি সঙ্কীর্ণ হয়ে পড়ায় নানা জায়গায় দুর্ঘটনা, যাতায়াতের সমস্যা, সম্মুখীন হতে হত।

    পরবর্তীতে যশোর রোড সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও যশোর রোডের দুপাশের প্রাচীন গাছ কাটা নিয়ে বাধার সম্মুখীন হতে হয়। তবে পরে অবশ্য কোর্টের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হলেও যশোর রোড সংস্কারে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। এখন দেখার বাস্তবেই এই জাতীয় সড়কে চার লেন এর যাতায়াত ব্যবস্থা বাস্তবায়িত হয় কি না।
  • Link to this news (News18 বাংলা)