বৈঠকে যাওয়ার পথেই হাতির মুখোমুখি বনমন্ত্রী! দেখেই থমকে গেলেন মনোজ ওরাওঁ, দিলেন কড়া নির্দেশ
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
বৈঠকে যাওয়ার পথেই হাতির মুখোমুখি বনমন্ত্রী মনোজ ওরাওঁ৷ বানারহাটের মরাঘাট এলাকায় হাতির দল দেখে দাঁড়িয়ে পড়লেন বনমন্ত্রী, থেমে কথা বললেন বন আধিকারিকদের সঙ্গে খোঁজ নিলেন পরিস্থিতির৷
রাজ্যের বনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি বৈঠকে যোগ দিতে যাওয়ার পথেই বুনো হাতির দলের মুখোমুখি হলেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ। সোমবার ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, এদিন মালবাজারে সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। সেই সময় মোরাঘাট এলাকার হিন্দি কলেজের পিছনে জাতীয় সড়কের ধারে প্রায় ২০টি হাতির একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। হাতির দল দেখতে পেয়ে মাঝপথেই নিজের গাড়ি থামিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন বনমন্ত্রী।
সেখানে কর্তব্যরত বনকর্মীদের কাছ থেকে হাতির দলের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। কথা বলেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথের সঙ্গেও। হাতির দলটি কোন দিক থেকে এসেছে, কোথায় যেতে পারে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কেও খোঁজ নেন মন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরাঘাট এলাকার এই অংশটি একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল। বর্তমানে জঙ্গল অনেকটাই সঙ্কুচিত হওয়ায় মাঝেমধ্যেই হাতির দল লোকালয়ে চলে আসে। বিশেষ করে রেতি জঙ্গল থেকে মোরাঘাট হয়ে কখনও ডাইনার জঙ্গলের দিকে হাতির চলাচল প্রায় নিত্যদিনের ঘটনা। হিন্দি কলেজের পিছনের এয়ারফিল্ড সংলগ্ন এলাকাটি হাতিদের চলাচলের অন্যতম করিডর বলেও জানা যায়।
উদ্বেগের বিষয়, হাতির দলটির অবস্থানের পাশ দিয়েই রয়েছে রেললাইন এবং জাতীয় সড়ক। ফলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বনমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন যাতে কোনওভাবেই হাতির দল রেললাইনের দিকে না যায় এবং মানুষেরও কোনও ক্ষতি না হয়। সেই লক্ষ্যে হাতির দলের উপর কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।
বনদফতর সূত্রে খবর, সন্ধ্যার পর হাতির দলটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ডায়না রেঞ্জ, মোরাঘাট রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা যৌথভাবে হাতির দলের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন।