ডুয়ার্স ভ্রমণে এবার পকেটে বাড়তি টান? ফের চালু হতে পারে জঙ্গলে ঢোকার ‘এন্ট্রি ফি’,ইঙ্গিত মন্ত্রীর
News18 বাংলা | ১৬ জুন ২০২৬
: ডুয়ার্সে বেড়াতে গেলে পকেটে বাড়তি চাপ? বড় ইঙ্গিত বন দফতরের। ফের চালু হতে পারে জঙ্গলে প্রবেশ ফি! ডুয়ার্সে এমনই ইঙ্গিত বনমন্ত্রীর। পর্যটনে আসছে কি বড় পরিবর্তন?
দায়িত্ব গ্রহণের পরপরই বন ও পরিবেশ সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন বন ও পরিবেশমন্ত্রী মনোজ ওঁরাও। সোমবার ডুয়ার্সের চাপরামারি বন বাংলোতে গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বৈঠকে বন সংরক্ষণ, বন্যপ্রাণ সুরক্ষা এবং বনভিত্তিক পর্যটনের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি পুনরায় চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই ফি তুলে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে বনাঞ্চল রক্ষায় অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই সিদ্ধান্তের দিকে এগোনো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এরই সঙ্গে জঙ্গল এলাকায় বেআইনি নির্মাণ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কোনও অবৈধ কাজ বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শিল্প হিসেবে পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরও জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কীভাবে পর্যটনের প্রসার ঘটানো যায়, সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার ডুয়ার্সের জঙ্গল ও পর্যটন ব্যবস্থায় শীঘ্রই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।