• যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক! নির্দেশিকা শুভেন্দু সরকারের
    প্রতিদিন | ১৬ জুন ২০২৬
  • এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ সমস্ত মন্ত্রীরা। এই অনুষ্ঠানকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব। চলছে জোর তৎপরতা। এই যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করল শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

    জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের উপস্থিত থাকতে হবে। থাকতে হবে চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী, সান্মানিকের বিনিময়ের কাজ করেন, এমন কর্মীদেরও। শুধু বিজ্ঞপ্তি নয়, এই বিষয়টি নিশ্চিত করতে সমস্ত দপ্তরের প্রধান, বিভাগীয় প্রধান, জেলাশাসক এবং অন্যান্য দপ্তরের প্রধানদের নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে। 

    আধ্যাত্মিকতা, ধ্যান, যোগ-প্রাণায়ামে বরাবরই বিশ্বকে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দর এই পুণ্যভূমিতে যোগিরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দর মতো ক্রিয়াযোগী জন্ম নিয়েছেন। পরবর্তীকালে নীলমণি দাস, মনোহর রায়, মনোহর আইচের মতো ব্যক্তিত্ব হঠযোগ, প্রাণায়াম এবং মুক্তহস্ত ব্যায়ামের মেলবন্ধন ঘটিয়ে বাঙালি তথা ভারতীয়দের বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছেন। এত সমৃদ্ধ ইতিহাস বুকে নিয়েও বাংলা যোগজগতে ক্রমশ পিছিয়ে পড়ছিল। এবার হৃতগৌরব পুনরুদ্ধারে রেড রোডের রানওয়েতে স্বপ্নের দৌড় শুরু করবে বাংলার যোগ। তার সাক্ষী থাকতে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি। 
  • Link to this news (প্রতিদিন)