লিড নিয়েও ধরে রাখতে পারল না ইজিপ্ট! আত্মঘাতী গোলে নাম বাঁচল বেলজিয়ামের
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
লিড নিয়ে জিততে পারল না ইজিপ্ট। বেলজিয়ামের বিরুদ্ধে শষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মহম্মদ সালহাদের। ম্যাচের প্রথমার্ধে গোল করে ৬৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইজিপ্ট। ফেভারিট তকমা থাকলেও এমন কোনও আহামরি ফুটবল উপহার দিত পারল না তারকাখোচিত বেলজিয়াম দল। ইজিপ্টের মহম্মদ হানি সেমসাইড গোল না করলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হত কেভিড ডি ব্রুইন-লুকাকু-কুর্তোয়াদের। ইজিপ্টের হয়ে একমাত্র গোলটি করেন ইমাম অ্যাশউর।
ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই বেলজিমায়ের উপর চড়ে খেলছিল ইজিপ্ট। বিশ্বকাপে তাদের প্রথম জয়ের খোঁজে মরিয়া ছিল সালহারা। বারবার আক্রমণ করে বেলজিয়ামের ডিফেন্স লাইনকে ব্যতিব্যস্ত করে রেখেছিল হোসাম হাসামের দল। যার ফলও মেলে ম্যাচের ২০ মিনিটে। একটি আক্রমণ থেকে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ইজিপ্টকে এগিয়ে দেন ইমাম অ্যাশউর। বেলজিয়ামের গোলকিপার কুর্তোয়া দেহ ছুঁড়ে দিয়েও বলের নাগাল পাননি। এরপর প্রথমার্ধে দুই দলই আরও একাধিক আক্রমণ গড়ে তুললেও আর গোলের মুখ খোলেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইজিপ্ট।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। খেলার ধরনও প্রথমার্ধের থেকে কিছুটা বদল আনে। অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু মাঠে নামান বেলজিয়াম কোচ। লুকাকু নামার পর থেকে আক্রমণের ঝাঁঝ আরও কিছুটা বাড়ে বেলজিয়ামের। আর সেই ঝাঁঝ থেকেই ভুল করে বসেন মহম্মদ হানি। ম্যাচের ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে বেলজিয়াম। এরপর জয়ের জন্য দুই দলই চেষ্টা করে থাকে। তবে ম্যাচ শেষের দিকে বেশি সুযোগ তৈরি করেছিল বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের একটি ফ্রি কিক বারে না লাগলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতাতেই শেষ হয় ম্যাচ।