• ‘ছেড়ে দাও...’, হাতজোড় করে রাস্তায় গড়াগড়ি তৃণমূল নেতার, ‘ডিম থেরাপি’-র ভয়ে ফেরত দিলেন কাটমানির টাকা
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • হাতজোড় করে রাস্তায় শুয়ে আছেন তৃণমূল নেতা বুবুন কর। পরনে সাদা টিশার্ট আর হাফ প্যান্ট। গড়াগড়ি খাচ্ছেন আর বলছেন, ‘আমাকে ছেড়ে দাও।’ তাঁকে ঘিরে রেখেছেন গ্রামবাসীরা। তাঁদের সাফ কথা, ‘আগে টাকা ফেরত দাও, তার পরে অন্য কথা।’ রাইপুর ব্লকের লুড়কা গ্রামের এমন দৃশ্য সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাঁকুড়া জেলায়।

    স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুবুন লুড়কা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি। আবাস যোজনা প্রকল্পে গ্রামবাসীদের ভয় দেখিয়ে বিপুল টাকা ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কাউকে টাকা না দিলে দ্বিতীয় কিস্তি মিলবে না বলে শাসিয়েছিলেন, আবার কারও নাম তালিকা থেকে কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

    রাজ্যে পালাবদলের পরেই বুবুনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন গ্রামবাসীরা। এক এক করে জোট বাঁধেন তাঁরা। তার পরে রবিবার রাতে পাকড়াও করেন তৃণমূল নেতাকে। গ্রামবাসীদের দেখেই কাকুতিমিনতি করতে শুরু করেন বুবুন। কিন্তু তাঁরা ছাড়ার পাত্র নন। সাফ জানিয়ে দেন, ‘অনেক হয়েছে, এ বার টাকা ফেরত চাই।’ অবস্থা বেগতিক বুঝে রাস্তায় শুয়ে গড়াগড়ি খেতে শুরু করেন তৃণমূল নেতা। হাতজোড় করে বলতে থাকেন, ‘আমাকে ছেড়ে দাও। আর এমন হবে না।’

    বুবুনকে এই অবস্থায় দেখে মোবাইল বের করে ভিডিয়ো করতে শুরু করেন অনেকে। কেউ কেউ কটাক্ষ ছুড়ে দেন। ভিড়ের মধ্যে আবার কেউ বলে বসেন, ‘এই ডিম নিয়ে আয় তো, দেখি একবার টাকা না দিয়ে কোথায় যায়।’ এই কথা শোনার পরেই তৃণমূল নেতা টাকা ফেরত দিতে রাজি হন বলে দাবি গ্রামবাসীদের।

    রাতেই বুবুনকে নিয়ে বসেন গ্রামবাসীরা। বাড়ি থেকে মোট ৫২ হাজার টাকা নিয়ে এসে আবাস যোজনার উপভোক্তাদের হাতে তুলে দেন তিনি। বাকিদের টাকাও ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই টাকা হিমশৈলের চূড়ামাত্র বলেই দাবি গ্রামবাসীদের। অভিযোগ, তালিকা থেকে নাম কেটে দেওয়ার ভয় দেখিয়ে দুলালি নামাথার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা। তিনি এখনও টাকা ফেরত পাননি। টাকা পাননি বিদ্যুৎ নামাথাও।

    তবে টাকা না দিয়ে কেউ পাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা বিশ্বজিৎ পাত্র। তিনি স্পষ্ট বলে দেন, ‘কাটমানি নিলে ফেরত দিতেই হবে। না দিলে আইনি ব্যবস্থা নেব আমরা।’ সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদেই তৃণমূল নেতা কাটমানির টাকা ফেরাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)