• আজ থেকে বন্ধ হয়ে গেল রাজ্যের সমস্ত জঙ্গল, কিন্তু খোলা থাকবে এগুলি; কী দেখতে পাবেন?
    আজ তক | ১৬ জুন ২০২৬
  • Dooars Jungle Safari Closed Date: বর্ষার আগমন ঘটতেই প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গের বনাঞ্চলপ্রেমী পর্যটকদের জন্য এক মন খারাপ করা খবর সামনে এল। আগামী ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সিংহভাগ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের দরজা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ থকবে। বিশেষ করে ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং পাহাড়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যানে এই তিন মাস মূল জঙ্গল সাফারি সম্পূর্ণ স্তব্ধ থাকবে। বন্যপ্রাণীদের প্রজনন ঋতুর কথা মাথায় রেখেই বনদপ্তর প্রতি বছর এই নিয়ম জারি করে।

    তবে জঙ্গল সাফারি বন্ধ থাকলেও বর্ষার রূপ উপভোগ করার জন্য উত্তরবঙ্গে ঘোরার জায়গার কিন্তু অভাব নেই। এই মেঘলা মরশুমেও কিছু বনাঞ্চল ও ভিউ পয়েন্ট খোলা থাকে যেখানে অনায়াসে ঘুরে আসা যায়। যেমন ডুয়ার্স এলাকার দলগাঁও ভিউ পয়েন্ট থেকে বর্ষাকালে জঙ্গল নদী ও পাহাড়ের এক অপূর্ব রূপ চোখে পড়ে। এখানে জঙ্গল সাফারি না মিললেও মূল রাস্তা পর্যন্ত পর্যটকরা যেতে পারেন। অন্যদিকে আবহাওয়া যদি অনুকূল থাকে তবে বক্সা ফোর্ট যাওয়ার ট্রেকিং রুটটিও খোলা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই রুটে যাওয়ার আগে বনদফতরের বর্তমান নির্দেশিকাটি একবার ভালো করে জেনে নেওয়া জরুরি। এছাড়া বর্ষার মরশুমে ডুয়ার্স পর্যটন এলাকার বিভিন্ন চা বাগান নদীপাড় বনাঞ্চল সংলগ্ন পাহাড়ি গ্রাম এবং ভিউ পয়েন্টগুলি এক আলাদা মায়াবী রূপ ধারণ করে যা ভ্রমণপিপাসুদের বিশেষভাবে আকর্ষণ করে।

    সাধারণত বর্ষাকালে জঙ্গলের ভেতরের অধিকাংশ ওয়াচটাওয়ার বা ভিউ টাওয়ার বন্ধ রাখা হয়। তা সত্ত্বেও রাস্তা সংলগ্ন অথবা বনাঞ্চলের একদম প্রান্তবর্তী কিছু ভিউপয়েন্ট স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে পর্যটকদের জন্য খোলা রাখা হতে পারে। এই তালিকায় রয়েছে মেদলা ওয়াচটাওয়ার এবং চাপড়ামারি ওয়াচটাওয়ার। তবে মনে রাখা দরকার যে বর্ষার মরসুমে বৃষ্টির কারণে হওয়া ক্ষতি বন্য হাতির যাতায়াত অথবা বনদপ্তরের তাৎক্ষণিক নির্দেশের ওপর ভিত্তি করে এগুলির প্রবেশাধিকার যে কোনও মুহূর্তে আচমকা বন্ধ হয়ে যেতে পারে।

    তাই এই বর্ষায় জঙ্গল সাফারির আনন্দ না মিললেও ডুয়ার্স ও উত্তরবঙ্গের বেশ কিছু বিকল্প ও দারুণ জনপ্রিয় অফবিট জায়গায় ঘুরে আসতেই পারেন পর্যটকরা। এই মরসুমে মেদলা বা চাপড়ামারির পাশাপাশি শামসিং সুনতালেখোলা ঝালং এবং বিন্দুর মতো পাহাড়ি ও নদীকেন্দ্রিক এলাকাগুলি ভ্রমণের জন্য সবথেকে সেরা পছন্দ হয়ে ওঠে। সব মিলিয়ে জঙ্গল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের রূপ দেখার আনন্দ থেকে কিন্তু পর্যটকরা একেবারে বঞ্চিত হচ্ছেন না।

     
  • Link to this news (আজ তক)