• প্রাক্তনীদের জুড়তে, কর্মসংস্থান বাড়াতে দুই সেন্টারের সূচনা
    এই সময় | ১৬ জুন ২০২৬
  • এই সময়, বর্ধমান: ষাটের দশকের সেই পথচলা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। ১৯৬০ সালের ১৫ জুন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সুদূরপ্রসারী উদ্যোগে ও বিশেষ প্রচেষ্টায় জন্ম নিয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। মাত্র ছ’টি বিভাগ আর ৩৫টি কলেজকে সঙ্গী করে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, সোমবার তা সাফল্যের ৬০ বছর পেরিয়ে এক গৌরবময় অধ্যায়ে পা দিল। এই দীর্ঘ সময়ে এখানকার বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভ করে আজ দেশ ও বিদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত।

    ঐতিহাসিক এই প্রতিষ্ঠা দিবসটি উদ্‌যাপন করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ির মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বর্তমান উপাচার্য শঙ্করকুমার নাথ। এই বিশেষ মুহূর্তে রাজবাড়ি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ মজুমদার ও পার্থপ্রতিম দাস–সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, শিক্ষাকর্মী, গবেষক এবং সাধারণ ছাত্রছাত্রীরা।

    বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে উপাচার্য দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক সেন্টারের উদ্বোধন করেন। যার প্রথমটি হলো ‘কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ এবং দ্বিতীয়টি ‘সেন্টার ফর অ্যালুমনি অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস’।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান ছাত্রছাত্রী এবং গবেষকদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়িয়ে তোলাই কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের মূল লক্ষ্য। এই সেন্টারটি আগামী দিনে দেশের বিভিন্ন নামী শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীদের কাজের দুনিয়ায় এগিয়ে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক পার্থ সরকারের উপরে।

    অন্য দিকে, বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের এক সুতোয় বাঁধতে কাজ করবে সেন্টার ফর আল্যুমনি অ্যাফেয়ার্স। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তনীদের সঙ্গে সার্বিক সংযোগ স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক প্রকল্পে তাঁদের সক্রিয় যোগদান সুনিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয়, এই প্রাক্তনীদের সূত্র ধরেই বিশ্বের একাধিক নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা ধরনের যৌথ শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করার দীর্ঘমেয়াদি উদ্যোগ নেবে এই সেন্টার। এই নতুন বিভাগের যৌথ দায়িত্বে রয়েছেন অধ্যাপক অরিন্দম দাস, অধ্যাপক অংশুমান কর এবং অধ্যাপক অভিজ্ঞান দত্ত।

    প্রতিষ্ঠা দিবসের এই জোড়া উপহার আগামী দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও গবেষণার মানকে আন্তর্জাতিক স্তরে আরও একধাপ এগিয়ে দেবে বলে আশা করছে শিক্ষা মহল।

  • Link to this news (এই সময়)