• ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে চড়, আটক ২
    বর্তমান | ১৬ জুন ২০২৬
  • জয়পুর: রাজস্থানের জয়পুরে হেনস্তার শিকার হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিত্ দিপকে। এদিন দুপুরে শহিদ স্মারক এলাকায় শান্তিপূর্ণ জমায়েতের ডাক দিয়েছিল সিজেপি। সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল অভিজিতের। সমর্থকরা কাঁধে চাপিয়ে তাঁকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন অভিজিৎকে চড়-থাপ্পড় মারতে শুরু করে। জামা ধরেও টান মারা হয়। ঘটনার জন্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন ককরোচ পার্টির সদস্যরা। ঘটনার পরে ককরোচ পার্টির সমর্থকরা অভিযুকতিদের ধরে বেধড়ক মারধর করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। সিজেপির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টুর অভিযোগ, সমাজবিরোধীদের বাধা না দিয়ে পুলিশ ও প্রশাসন এই হামলা হতে দিয়েছে। যে আধিকারিকদের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রানকা আবার অভিযোগ তুলেছেন, জমায়েতে ভিড় যাতে কম হয়, তার জন্য ইচ্ছা করে দুপুর তিনটেয় সময় দিয়েছিল প্রশাসন।

    তাঁর বিরুদ্ধে হামলা নিয়ে মুখ খুলেছেন অভিজিত্ নিজেও। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এগুলো সবই আমাদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং মূল বিষয় থেকে সরিয়ে দেওয়া কৌশল। আমাদের মূল বিষয় থেকে সরে আসা উচিত নয়। পড়ুয়াদের প্রতি অবিচার এবং তাদের আত্মহত্যার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা কারও দিকে আঙুল তুলছি না। কিন্তু দশবার চড় মারলেও, আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইতেই থাকব।’
  • Link to this news (বর্তমান)